| বঙ্গাব্দ

আগামী অর্থবছরে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 28-11-2026 ইং
  • 29290 বার পঠিত
আগামী অর্থবছরে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস
ছবির ক্যাপশন: যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী।

আগামী অর্থবছরের মধ্যে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে নতুন করে খাল ও নদী খননের পরিকল্পনা নিয়েছে সরকার। চলমান প্রকল্পের পাশাপাশি অতিরিক্ত খননকাজের মাধ্যমে আগামী অর্থবছরের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সরকারের তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে ভবদহ অঞ্চলের সুইচগেট পরিদর্শন করেন তারা। পরে ভবদহ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

সভায় বক্তব্য দেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বর্তমানে ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ চলছে। এর পাশাপাশি নতুন করে খাল ও নদী খননের পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি জানান, আমডাঙ্গা খাল খননের পাশাপাশি শিবসা নদীর পানিপ্রবাহ সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আরও প্রায় ৯০ কিলোমিটার নদী খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে এসব কাজ সম্পন্ন করা সম্ভব হলে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনা হয়েছে। তাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অচিরেই এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় বক্তারা জানান, চলমান ৮১ কিলোমিটার এবং অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এসব কাজের ফলে এলাকার মানুষ কিছুটা সুফল পেয়েছেন।

তারা আরও জানান, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সব কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেলে ভবদহসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency