প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার।
মুশফিকের বিদায়কে স্মরণীয় করে রাখতে বড় আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি তার ১৫ নম্বর জার্সি তুলে রাখা এবং মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার নামে গ্যালারি করার বিষয়েও ভাবছে বোর্ড।
শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
এ সময় মুশফিকের অবসরের ঘোষণা দিয়ে তার অবদানের স্বীকৃতি দেওয়ার কথা জানান তামিম। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতি দিতে চাই আমরা। সে অনেক অনেক ক্রিকেটারের, অনেক শিশুর আদর্শ। বিসিবির পক্ষ থেকে মুশফিকের জন্য বড় একটি উদযাপনের আয়োজন থাকবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় আপনারা জানতে পারবেন।’
বিদায়ী টেস্টের আগে মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সাফল্যগুলো নতুন করে সামনে আনার আহ্বানও জানিয়েছেন বিসিবি সভাপতি। তার ভাষায়, ‘এখন থেকে ফেব্রুয়ারিতে টেস্ট ম্যাচটি শুরু হওয়া পর্যন্ত আমরা শুধু মুশফিকের সুন্দর স্মৃতিগুলো, বাংলাদেশের ক্রিকেটের জন্য তার ভালো ও অসাধারণ অবদানগুলো মনে করতে চাই।’
তামিম আরও বলেন, ‘বিসিবি, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম—সবাই মিলে তার স্মরণীয় মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই।’
বিসিবির পরিকল্পনা সম্পর্কে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মুশফিকের সম্মানে তার ১৫ নম্বর জার্সি তুলে রাখার বিষয়টি বিবেচনা করছে বোর্ড। পাশাপাশি মিরপুর স্টেডিয়ামে তার নামে একটি গ্যালারি করার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এসব উদ্যোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন তিনি।
এখন পর্যন্ত ১০৮ টেস্টে ৩৮.৮০ গড়ে ৭ হাজার ৬২ রান করেছেন মুশফিক। তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি অর্ধশতক। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯ রান। বাংলাদেশের হয়ে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটারও তিনি।
সূচি অনুযায়ী, আগামী ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট হবে সিলেটে। তবে প্রথম ম্যাচ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |