| বঙ্গাব্দ

যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির পাশে উড়ছিল ৬ ড্রোন, অতঃপর...

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 29-11-2026 ইং
  • 2938 বার পঠিত
যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির পাশে উড়ছিল ৬ ড্রোন, অতঃপর...
ছবির ক্যাপশন: যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির পাশে উড়ছিল ৬ ড্রোন

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ৬ ড্রোনের অনুপ্রবেশ প্রতিহত করল মার্কিন বাহিনী

প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ

ইংল্যান্ডের সাফোক এলাকায় অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) লেকেনহিথ বিমানঘাঁটির আকাশসীমায় প্রায় ছয়টি অননুমোদিত ড্রোনের অনুপ্রবেশ প্রতিহত করেছে মার্কিন বাহিনী। চলতি মাসের ১৩ নভেম্বর ঘটে যাওয়া এই ঘটনার বিষয়টি শনিবার (২৮ নভেম্বর) নিশ্চিত করেছে মার্কিন বিমানবাহিনী (ইউএসএএফ)।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, ড্রোন তৎপরতার পেছনে ইরানের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মার্কিন বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি।

যেভাবে প্রতিহত করা হয় ড্রোন

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ১৩ নভেম্বর বিমানঘাঁটির আশপাশে প্রায় ছয়টি ড্রোন শনাক্ত হওয়ার পর মার্কিন বাহিনী তাদের ড্রোন প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে সেগুলো নিষ্ক্রিয় বা প্রতিহত করে।

ইউএসএএফের একজন মুখপাত্র ফক্স নিউজ ডিজিটালকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় ঘাঁটির কোনো কর্মী, যুদ্ধবিমান কিংবা অবকাঠামোর ক্ষতি হয়নি। তবে নিরাপত্তাজনিত কারণে কোন প্রযুক্তি বা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

তিনি আরও জানান, যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে বিমানঘাঁটির নিরাপত্তায় স্তরভিত্তিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততার কথা বলা হলেও মার্কিন বিমানবাহিনী তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ড্রোনগুলোর উদ্দেশ্য ও বহন করা সরঞ্জাম নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, প্রতিহত করা ড্রোনগুলোর একটিও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সেগুলোতে অস্ত্র, গোয়েন্দা নজরদারির সরঞ্জাম কিংবা অন্য কোনো উপকরণ ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

কেন গুরুত্বপূর্ণ লেকেনহিথ বিমানঘাঁটি?

আরএএফ লেকেনহিথ যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এটি ইউরোপে যুক্তরাষ্ট্রের বৃহত্তম যুদ্ধবিমান ঘাঁটি। এখানে মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইং বা ‘লিবার্টি উইং’ মোতায়েন রয়েছে।

লেকেনহিথ ও পাশের আরএএফ ফেল্টওয়েল ঘাঁটি মিলিয়ে এই উইংয়ে প্রায় ৭ হাজার সামরিক ও বেসামরিক কর্মী কাজ করেন। এসব ঘাঁটি থেকে চারটি যুদ্ধ-প্রস্তুত ফাইটার স্কোয়াড্রন পরিচালিত হয়।

বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

যুক্তরাজ্যে মার্কিন বাহিনীর ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। এর আগে গত সেপ্টেম্বরে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনার খবর সামনে আসে।

ফক্স নিউজের সংবাদদাতা স্টেফানি বেনেট জানান, ফেয়ারফোর্ডের ওই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তবে এর আগে ইরান সতর্ক করেছিল, ইরানি ভূখণ্ডে হামলার কাজে ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে, আরএএফ ফেয়ারফোর্ড থেকে তাদের বোমারু বিমান সরিয়ে নিয়েছে পেন্টাগন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency