কুড়িগ্রামে সরকারি চাকরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সেকমো আটক
কুড়িগ্রাম জেলা শহরে সরকারি চাকরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)-কে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত প্রতারকের নাম রাজিউন হক সাগর (২৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। রাজিউন হক সাগর মশিউর রহমানের ছেলে এবং তার বর্তমান অবস্থান কুড়িগ্রামে।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, সেনাবাহিনীর সদস্যরা কুড়িগ্রাম ডিসি অফিসের পুকুর পাড়ে কিছু লোকের সাথে কথোপকথন এবং বিভিন্ন ধরনের কাগজপত্র আদান-প্রদান করার সময় রাজিউন হক সাগরকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাকে সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।
প্রাথমিক তদন্তে আটককৃত রাজিউন হক সাগর স্বীকার করেছেন যে, তিনি সরকারি চাকরি দেয়ার কথা বলে তিনজনের কাছ থেকে মোট ২৮ লাখ টাকা নিয়েছিলেন। তবে চাকরি দিতে না পারায় তিনি কিছু টাকা ফেরতও দিয়েছেন। সাগর আরও জানান, তিনি প্রায় ৫৮ লাখ টাকার বিনিময়ে চারজনকে বিভিন্ন সরকারি দফতরে অসৎ উপায়ে চাকরি জোগাড় করে দিয়েছেন।
এছাড়া, অভিযোগ রয়েছে যে, রাজিউন হক সাগর কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের রাশেদুল ইসলামের কাছ থেকে ১৫ লাখ টাকা এবং অনন্তপুর গ্রামের মাহমুদুল হাসানের কাছ থেকে ১৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেকের কাছ থেকে সরকারি চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ঘটনার পর, সেনাবাহিনী রাত ১১টার দিকে আটককৃত রাজিউন হক সাগরকে কুড়িগ্রাম সদর থানায় পুলিশে হস্তান্তর করে। পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
এ ধরনের প্রতারণার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জনগণ দাবি করছে, প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ধরনের অপরাধ কমে আসে এবং জনগণের মধ্যে নিরাপত্তা অনুভূতি সৃষ্টি হয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |