আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২৪ জন। এর ফলে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৮১০ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৭৩—ঘোষণা করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার (১০ মে) স্থানীয় সময় সকাল ৬টা থেকে রোববার (১১ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিদিনের মতো শনিবারও গাজার বিভিন্ন স্থানে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। হামলার লক্ষ্যবস্তু ছিল আবাসিক এলাকা, আশ্রয়কেন্দ্র ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
মৃতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বলছে, ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা কেন্দ্রগুলো।
জাতিসংঘের একাধিক সংস্থা গাজাকে এখন ‘বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যাওয়া এক ধ্বংসস্তূপ’ হিসেবে আখ্যা দিয়েছে।
গাজায় চলমান গণহত্যা ও মানবিক সংকটের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মুসলিম দেশগুলো বারবার প্রতিবাদ জানালেও কার্যকর রাজনৈতিক হস্তক্ষেপ এখনও অনুপস্থিত।
বিশ্লেষকরা বলছেন, এই অবরুদ্ধ ভূখণ্ডে সহিংসতার মাত্রা ও মানবিক বিপর্যয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের অন্যতম ভয়াবহ দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |