ঢাকা, ১৭ আগস্ট ২০২৫ – আসন্ন জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির ভেতরে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তফসিল ঘোষণার পর এ বিষয়ে আলোচনা শুরু হবে।
রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। বৈঠকে বিএনপি দলের পক্ষ থেকে অংশ নেন চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে চলছে। আইন-শৃঙ্খলা নিয়ে কিছুটা উদ্বেগ আছে। পুলিশের ভূমিকা এখনো দুর্বল। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনে আরো সেনা সদস্য মোতায়েন করা হবে। ফলে এ বিষয় নিয়ে বড় কোনো দুশ্চিন্তার কারণ নেই।”
এর আগে গত সোমবার ইসি ‘গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও)’ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনা, নৌ ও বিমানবাহিনীকে যুক্ত করার প্রস্তাব চূড়ান্ত করে। আইনে এটি যুক্ত হলে সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশের মতোই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পাবেন।
এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচনের সময় সেনাবাহিনীকে মোতায়েনের বিষয়ে কমিশন আশ্বাস দিয়েছে। উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড ও নেভিও দায়িত্ব পাবে। আমরা জানি, কমিশনের অনুরোধ সরকারকে মানতেই হয়।”
তিনি স্বীকার করেন, অতীতের সরকারের সময়ে পুলিশের ভূমিকা বিতর্কিত ছিল। তবে এখন পরিস্থিতি বদলানোর চেষ্টা হচ্ছে। তার মতে, সব রাজনৈতিক দলের উচিত হবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যাতে ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দিতে পারেন।
বিএনপি নেতা বলেন, “‘না ভোট’ আমাদের কোনো দাবি ছিল না। কিছু বিশিষ্ট ব্যক্তির প্রস্তাবে এই বিধান যুক্ত হয়েছিল ১/১১ সরকারের সময়ে। একমাত্র ২০০৮ সালের নির্বাচনে এটি কার্যকর ছিল। তবে আমাদের দেশে এই ভোট তেমন পড়েওনি। কাজেই বিএনপির দাবির ভিত্তিতে এই ব্যবস্থা হয়নি।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, “আসন ভাগাভাগি নিয়ে বিএনপির ভেতরে কোনো আলোচনা হয়নি। তফসিল ঘোষণার পরে বিষয়টি নিয়ে আলোচনা হবে।”
নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক, ১৭ আগস্ট ২০২৫
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ব্রিফিং
আরপিও সংশোধন প্রস্তাব, নির্বাচন কমিশন
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |