ফিনল্যান্ডের সংসদ ভবনে তরুণ এমপি এমেলি পেলটোনেনের মৃত্যু
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির সংসদ ভবনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির তরুণ এমপি এমেলি পেলটোনেনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এটি আত্মহত্যা হতে পারে। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
১৯ আগস্ট, মঙ্গলবার সকাল
হেলসিঙ্কির সংসদ ভবন এদুস্কুনতাতালোতে এমপি এমেলি পেলটোনেনের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সময় সকাল ১১টা ৬ মিনিটে পুলিশ ভবনে পৌঁছায়। ঘটনাস্থলেই প্রাথমিক তদন্তে তারা জানায়, কোনো অপরাধমূলক কার্যকলাপের চিহ্ন পাওয়া যায়নি।
ফিনল্যান্ডের সংসদ কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেলটোনেন সংসদ ভবনের ভেতরেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এমেলি পেলটোনেনের আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক বিভাজন ভুলে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো সব সরকারি রাজনৈতিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, “সহকর্মীদের কাছে পেলটোনেন ছিলেন অত্যন্ত প্রিয়। তার স্মরণে আমরা নীরবতা পালন করেছি।”
সংসদের স্পিকার ইউসি হাল্লা-আহো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পেলটোনেন ছিলেন এমন এক সহকর্মী যিনি সব দলের কাছেই সম্মানিত।
সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন বলেন, “তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন। তাকে আমরা গভীরভাবে মিস করব। এত অল্প বয়সে তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।”
দক্ষিণাঞ্চলীয় উউসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন প্রথমবার ২০২৩ সালে সংসদ সদস্য হন। অল্প বয়স থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি—১৮ বছর বয়সে ইয়্যারভেনপা সিটি কাউন্সিলর নির্বাচিত হন এবং ২২ বছর বয়সে সিটি বোর্ডের চেয়ারম্যান হন, যা সবচেয়ে কম বয়সে ওই পদে দায়িত্ব নেওয়ার রেকর্ড।
গত জুন মাসে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, কিডনির সমস্যা ও সংক্রমণের কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সংসদীয় কাজ থেকে কিছুদিন বিরতিতে ছিলেন।
ফিনল্যান্ডের মতো একটি স্থিতিশীল গণতন্ত্রে তরুণ সংসদ সদস্যের এভাবে আকস্মিক মৃত্যু রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ইউরোপজুড়ে তরুণ রাজনীতিকদের মানসিক স্বাস্থ্য, চাপ ও রাজনৈতিক জীবনের জটিলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পেলটোনেনের ঘটনা দেশটির তরুণ প্রজন্মের মধ্যে হতবাক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিবিসি
ফিনিশ জাতীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলই
এনডিটিভি
দ্য গার্ডিয়ান
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |