প্রতিবেদক : বিডিএস বুলবুল আহমেদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ১১তম গ্রেড বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। যদিও তিনি উল্লেখ করেছেন, বিষয়টি এখনো 'নন-অফিশিয়াল' পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে কাজ চলছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে শিক্ষকদের পরীক্ষা বর্জনের ঘোষণার বিপরীতে, গতকাল রোববার (৩০ নভেম্বর) ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এই আশ্বাস দেন এবং আন্দোলন থেকে সরে এসে বার্ষিক পরীক্ষা নেওয়ার আহ্বান জানান।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিকে যৌক্তিক বলে সমর্থন জানান। তিনি বলেন,
“প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন গ্রেড বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তাদের দাবি ১১তম গ্রেড, সেটির সঙ্গে আমরা সহমত পোষণ করি। নন-অফিশিয়াল কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছি, শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে।”
তিনি জানান, মন্ত্রণালয় শিক্ষকদের দাবিকে নিজেদের দাবি হিসেবে গ্রহণ করেছে এবং এই দাবি বাস্তবায়নে কাজ করছে:
“মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বেতন কমিশন গঠিত হয়েছে, সেখানেও আমরা এটা লিখেছি এবং অনবরত যোগাযোগ বহাল রাখছি। যেখানে শিক্ষকদের দাবিকে আমরা নিজেদের দাবি হিসেবে গ্রহণ করছি এবং তাদের পক্ষে কাজ করছি। এই দাবি বাস্তবায়িত হবে।”
গণশিক্ষা উপদেষ্টা আশা করেন, শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে পরীক্ষা গ্রহণে অংশগ্রহণ করবেন। তিনি বলেন,
“আমি জানতে পেরেছি ১১টি শিক্ষক সংগঠন পরীক্ষা সামনে রেখে আন্দোলন স্থগিত করেছে। এর বাইরে আরো দু-একটি সংগঠন এখনো এ রকম ঘোষণা দেয়নি। আমি আশা করব, তারাও অন্যদের দৃষ্টান্ত অনুসরণ করে একই পথে আসবে।”
এর আগে রোববার (৩০ নভেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানায়। মন্ত্রণালয় নিশ্চিত করে যে, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবিটি ‘যৌক্তিক’ বলে বিবেচিত হয়েছে এবং বিষয়টি নিয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে। পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্য (৩০ নভেম্বর, ২০২৫)। ২. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি (৩০ নভেম্বর, ২০২৫)। ৩. শিক্ষক সংগঠন সূত্রে প্রাপ্ত আন্দোলন স্থগিতের তথ্য।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |