সংসদ ও রাজনীতি প্রতিবেদক | বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
দেশের অবহেলিত ও অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক কল্যাণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সম্পূর্ণ পৃথক সরকারি অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত বুধবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের শীর্ষ নেতাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি সরকারের এই ইতিবাচক ভাবনার কথা জানান। সভায় দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্রীয় রাজনীতিতে তাদের সঠিক অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। ইতিমধ্যে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে জাতীয় সংসদে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা হয়েছে। এটি কেবল শুরু; ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী ফোরাম তথা সংসদের প্রস্তাবিত উচ্চ কক্ষেও (Upper House) তাদের স্থায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমাদের দলের এবং সরকারের আন্তরিক চেষ্টা থাকবে।”
তিনি আরও বলেন, “ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নতুন প্রজন্মের সন্তানদের জন্য একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর রোডম্যাপ তৈরি করছে সরকার। এর আওতায় তাদের উচ্চশিক্ষা, স্বাবলম্বী হওয়ার জন্য উপযুক্ত কর্মসংস্থান এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে জামানতবিহীন কিংবা অত্যন্ত কম সুদে ঋণপ্রাপ্তির বিশেষ সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি, তাদের সামগ্রিক কল্যাণ ও অধিকার রক্ষা নিশ্চিত করতে একটি পৃথক স্বাধীন সরকারি অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়টি সরকার অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করবে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, “ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা চাই শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর নারীরা কারিগরি ও পেশাদার শিক্ষায় আরও বেশি মনোযোগী হোক।” তিনি বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের সম্মানজনক নার্সিং পেশায় আরও বিপুল সংখ্যায় এগিয়ে আসার এবং দেশের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতির সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি রক্ষা ও সামাজিক অধিকার নিশ্চিত করতে মন্ত্রীর কাছে সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেন এবং মন্ত্রী তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |