কূটনৈতিক প্রতিবেদক | বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও বড় ধরনের সুযোগ তৈরি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন কুয়ালালামপুর সফরের মধ্য দিয়েই এই জটিল সংকটের ইতিবাচক সমাধান আসবে বলে জোরালো আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং সমসাময়িক সংকট নিরসন নিয়ে আজ সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এই প্রত্যাশার কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করতে প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। আগামী ২১ থেকে ২২ জুন তিনি কুয়ালালামপুরে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন চার দিনের সফরে তাঁর চীন যাওয়ার কথা রয়েছে। সরকারপ্রধান কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, “দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে, যা আমাদের রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রীর এই আসন্ন দ্বিপাক্ষিক মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শ্রমবাজারটি পুনরায় নিরাপদ ও উন্মুক্ত করার বিষয়ে একটি বড় ধরনের কূটনৈতিক সুযোগ তৈরি হবে।”
প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে থাইল্যান্ডসহ বিশ্বের প্রায় ১৮টি সম্ভাবনাময় দেশে ১৮টি সমঝোতা স্মারক (MoU) পাঠানো হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায় আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায় এই কূটনৈতিক কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
সম্প্রতি উচ্চ বেতনের কর্মসংস্থানের লোভ দেখিয়ে কিছু বাংলাদেশিকে রাশিয়া নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান সম্মুখ যুদ্ধে জড়িয়ে ফেলার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নুর স্পষ্ট করে বলেন, “রাসিয়ায় এখন থেকে বাংলাদেশ থেকে যারা যাবেন, তারা যেন কোনোভাবেই কোনো সামরিক কার্যকলাপে বা যুদ্ধে না জড়ান এবং শতভাগ আইনি উপায়ে ওয়ার্কিং ভিসায় যান—তা বাংলাদেশ দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কঠোরভাবে প্রি-ডিপার্চার যাচাই-বাছাই করবে।”
তিনি অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, সরকারের আগামী পাঁচ বছরের কর্মসংস্থান পরিকল্পনার টার্গেটে রাশিয়ায় প্রায় ৩ থেকে ৪ লাখ দক্ষ কর্মী পাঠানোর একটি বিশাল সুযোগ তৈরি হয়েছে। মূলত ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ভেতর থেকে অনেক পশ্চিমা ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় লোকজন চলে যাওয়ায় সেখানে বর্তমানে বিভিন্ন খাতে কলকারখানায় বিপুল পরিমাণ কর্মীর তীব্র চাহিদা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাশিয়ায় যাওয়া ৩০ জন বাংলাদেশিকে জোরপূর্বক বা প্রতারণা করে যুদ্ধে জড়ানোর অভিযোগের বিষয়ে সরকার শুরু থেকেই অত্যন্ত তৎপর ছিল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যেসব অসাধু রিক্রুটিং এজেন্সি মিথ্যা তথ্য দিয়ে বা মানবপাচারের উদ্দেশ্যে ওই কর্মীদের পাঠিয়েছে, সরকারের নির্দেশে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের লাইসেন্স স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।”
একটি নির্দিষ্ট বা বিচ্ছিন্ন সমস্যার জন্য রাশিয়ার মতো একটি বিশাল ও সম্ভাবনাময় দেশের গোটা বাজার বন্ধ করে দেওয়া মোটেও যৌক্তিক হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেন, “মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো স্থায়ী সমাধান নয়। বরং কীভাবে ‘ফেয়ার রিক্রুটমেন্ট’ বা সম্পূর্ণ স্বচ্ছ ও সঠিক প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ লোক পাঠানো যায়, মন্ত্রণালয় এখন সেদিকেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে।”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |