নিজস্ব প্রতিবেদক | অর্থনীতি ডেস্কপ্রকাশের সময়: ২৩ আগস্ট, ২০২৬
নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধার কথা মাথায় রেখে অনেক দেশই তাদের সব স্বর্ণ নিজ দেশের ভূখণ্ডে না রেখে বিদেশে সংরক্ষণ করছে। বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও আইনি ঝুঁকি এড়াতে কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন লন্ডন ও নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রগুলোতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে।
বিদেশি সংরক্ষণে এগিয়ে ব্যাংক অব ইংল্যান্ড: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে প্রায় ৫৭ শতাংশই তাদের স্বর্ণের মজুদের একটি অংশ ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষণ করে। বিদেশে স্বর্ণ সংরক্ষণের ক্ষেত্রে এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত কেন্দ্র। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে ১৪ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বর্ণ জমা রাখে। সুইজারল্যান্ডভিত্তিক বিআইএস এবং ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকেও বিভিন্ন দেশের স্বর্ণ সংরক্ষিত রয়েছে। ভবিষ্যতে চীনও আন্তর্জাতিকভাবে স্বর্ণ সংরক্ষণের একটি বড় কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে।
লন্ডন ও নিউইয়র্কে স্বর্ণ রাখার কারণ: লন্ডন ও নিউইয়র্ককে স্বর্ণ রাখার প্রধান কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে উচ্চ তারল্য ও দ্রুত লেনদেনের সুবিধা। এই শহরগুলোর শক্তিশালী আর্থিক বাজার এবং উন্নত স্বর্ণ নিষ্পত্তির অবকাঠামোর সঙ্গে সংরক্ষিত স্বর্ণের সরাসরি যোগাযোগ থাকে। ফলে জরুরি মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকগুলো আন্তর্জাতিক বাজারে অতি দ্রুত স্বর্ণ কাজে লাগাতে পারে। এছাড়া এই কেন্দ্রগুলোতে সোনা রেখে ডলারভিত্তিক তারল্য সুবিধা পাওয়ার পাশাপাশি স্বর্ণ ইজারা দিয়ে অতিরিক্ত আয় করার সুযোগও থাকে।
সব স্বর্ণ দেশে না রাখার ঝুঁকি: বিশেষজ্ঞদের মতে, সব স্বর্ণ নিজ দেশের ভল্টে রাখলেও কিছু ঝুঁকি থেকে যায়। নিজস্ব ভল্টে সোনা সংরক্ষণ করতে হলে নিরাপত্তা, নিয়মিত নিরীক্ষা ও বিমার পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক অস্থিরতা বা নিরাপত্তার ঝুঁকি তো রয়েছেই। এজন্য একাধিক বিদেশি কাস্টডিয়ানের কাছে স্বর্ণের মজুদ ভাগ করে রাখলে কোনো নির্দিষ্ট দেশ বা আইনি ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমে যায়।
গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষণেও উঠে এসেছে যে, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের স্বর্ণের হেফাজত ব্যবস্থায় বৈচিত্র্য আনছে। নিরাপত্তা এবং বিশ্ববাজারের সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ রক্ষার জন্যই মূলত দেশের বাইরের ভল্টগুলোকে বেছে নিচ্ছে দেশের আর্থিক নীতি নির্ধারকরা।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |