| বঙ্গাব্দ

কলমাকান্দায় দুই নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, সরেজমিনে প্রকল্প পরিচালক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 13-09-2026 ইং
  • 11618 বার পঠিত
কলমাকান্দায় দুই নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, সরেজমিনে প্রকল্প পরিচালক
ছবির ক্যাপশন: কলমাকান্দায় দুই নদীতে সেতু নির্মাণের উদ্যোগ,

কলমাকান্দায় দুই নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, সরেজমিনে প্রকল্প পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর দুটি সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের দিকে এগোচ্ছে। প্রস্তাবিত প্রকল্পের অগ্রগতি ও নির্মাণস্থলের বাস্তব পরিস্থিতি দেখতে রোববার (১৩ সেপ্টেম্বর) সরেজমিনে পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নেওয়া এই প্রকল্পের আওতায় কলমাকান্দায় মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর সেতু দুটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

রোববার দুপুরে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তাবিত সেতু নির্মাণের স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় নদীর বর্তমান পরিস্থিতি, আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা, সম্ভাব্য সেতু নির্মাণস্থল এবং সংযোগ সড়কসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রকল্প পরিচালক। তিনি জানান, প্রস্তাবিত দুই সেতুর স্থান সরেজমিনে দেখা হয়েছে। সেতু দুটি নির্মিত হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে সীমান্ত সড়কের যোগাযোগ ও উন্নয়নেও সেতুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাসুম সারওয়ার বলেন, মাঠপর্যায়ে পরিদর্শনে পাওয়া তথ্য এবং বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে প্রকল্প বাস্তবায়নের পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় মোট চারটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রকল্পটি ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্প পরিচালক ও তার টিম কলমাকান্দার প্রস্তাবিত স্থানগুলো ঘুরে দেখেছেন।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে এবং এরপর ধাপে ধাপে সেতু নির্মাণের কাজ এগিয়ে যাবে।

ডেপুটি স্পিকার আরও বলেন, দীর্ঘদিন ধরে কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষ নদীগুলোর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। প্রকল্প বাস্তবায়িত হলে দুই উপজেলার যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

তার মতে, সেতু নির্মাণের ফলে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।

জানা গেছে, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় চারটি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কলমাকান্দার মহাদেও ও গণেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত দুটি সেতু রয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গণেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪২৭ কোটি ৩৬ লাখ টাকা। অন্যদিকে মহাদেও নদীর ওপর সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৫৪ কোটি ৪৪ লাখ টাকা

সূত্র: প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency