নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করে তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কার্যালয়ে এই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেওয়া হয়।
অভিযোগে মাকসুদ কামাল ও জাফর ইকবাল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাম রয়েছে।
আসামিদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, এ কে এম জামাল উদ্দিন ও তানভীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানানো হয়েছে।
আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র ও সহযোগিতার অভিযোগে এ মামলা করা হয়েছে।
প্রসিকিউটর তামীমের বক্তব্য অনুযায়ী, ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর আসামিরা তা বাস্তবায়নে তাদের অধীনস্থদের মাধ্যমে আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি তার সঙ্গে ফোনে যোগাযোগ করে শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের ষড়যন্ত্র করেন—এমন অভিযোগের ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
কয়েকজন আসামি এখনো ‘পলাতক’ থাকায় শুরুতে তাদের নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছিল প্রসিকিউশন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাকসুদ কামাল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছিল। ওই লিখিত আবেদনে আরও ৮০০ থেকে ১ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করারও আবেদন জানানো হয়।
তবে বুধবার দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে আটজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী এগোবে।
সূত্র: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |