| বঙ্গাব্দ

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-09-2026 ইং
  • 8933 বার পঠিত
চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা
ছবির ক্যাপশন: আর্সেনালের অপরাজেয় যাত্রা

প্রতিবেদন: বিডিএস বুলবুল আহমেদ

আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়াম যেন প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য অস্বস্তির জায়গায় পরিণত হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, গত মৌসুমে শিরোপাধারী লিভারপুল এবং এবার আর্সেনাল—তিন দলই এই মাঠে হারের স্বাদ পেয়েছে।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে ৩-০ গোলে হেরেছে মিকেল আর্তেতার দল। ফলে প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেল আর্সেনাল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে দক্ষিণ উপকূলে খেলতে গিয়েছিল আর্সেনাল। তবে দুর্দান্ত শুরু করা দলটির অপরাজেয় যাত্রা থেমে গেল ব্রাইটনের কাছে।

ব্রাইটনের হয়ে গোল করেন পাসকাল গ্রস, চারালাম্পোস কস্তুলাস ও চেমা আন্দ্রেস। সাধারণত শক্তিশালী রক্ষণভাগের জন্য পরিচিত আর্সেনাল এই ম্যাচে তিন গোল হজম করে হতাশ করেছে।

সপ্তাহের মাঝামাঝি লিগ কাপে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল ব্রাইটন। গত ৫০ বছরে এমন কীর্তি আর কোনো দল গড়তে পারেনি। সেই আত্মবিশ্বাস নিয়েই আর্সেনালের বিপক্ষে মাঠে নামে ফাবিয়ান হুরজেলারের দল।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাইটন। ৩১ মিনিটে জোরালো শটে দলকে এগিয়ে দেন গ্রস। তাঁর শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও ভুল করে আর্সেনাল। বক্সের সামনে অনেকটা জায়গা পেয়ে যান কস্তুলাস। নিখুঁত শটে ডেভিড রায়াকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার পরিবর্তে আরও পিছিয়ে পড়ে আর্সেনাল। ৬০ মিনিটে গ্রসের কর্নার থেকে হেডে গোল করেন আন্দ্রেস। ছয় গজ বক্সের ভেতরে প্রায় ফাঁকাই ছিলেন তিনি।

লিগে পাঁচ ম্যাচে এটি ছিল ব্রাইটনের ১৬তম গোল। ২০২৩ সালের এপ্রিলের পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটিই আর্সেনালের সবচেয়ে বড় হার।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency