নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬
পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী (সা.)-কে লক্ষ্য করে হামলা ও আগ্রাসনের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও তাদের যুবসংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।
শুক্রবার (২ অক্টোবর) কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণের ব্যবস্থাপনায় রাজধানীর বংশালের নর্থ সাউথ রোডে প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মক্কা-মদিনার গুরুত্ব তুলে ধরে হামলার নিন্দা জানান। তিনি বলেন, মক্কা-মদিনা মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব পবিত্র স্থানে হামলাকে তিনি মুসলিম বিশ্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।
তিনি ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে এ ধরনের হামলার অভিযোগের নিন্দা জানান এবং মক্কা-মদিনার নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় সৌদি সরকারের পদক্ষেপের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।
জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলামও বক্তব্য দেন। তিনি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মক্কা-মদিনার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তাদের সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের মানুষ সৌদি আরবের পাশে থাকবে।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জমঈয়তের সহ-সভাপতি মুহাম্মদ আওলাদ হোসেন, শায়খ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, যুগ্ম সেক্রেটারি জেনারেল শায়খ ড. মুজাফফর বিন মহসিন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মো. আকমল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খ আব্দুল্লাহিল হাদীসহ যুবসংগঠনের নেতারাও কর্মসূচিতে বক্তব্য দেন।
আয়োজকরা জানান, ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে একই দিনে দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও জমঈয়তে আহলে হাদীস ও শুব্বানে আহলে হাদীসের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিভিন্ন মসজিদের জুমার খুতবায় মক্কা-মদিনার মর্যাদা ও নিরাপত্তা, মুসলমানদের করণীয় এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।
সূত্র: আয়োজক সংগঠনের বক্তব্য
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |