| বঙ্গাব্দ

গ্রামে বাঘ ঢুকেছে’— মাইকিং, ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 26-10-2026 ইং
  • 174055 বার পঠিত
গ্রামে বাঘ ঢুকেছে’— মাইকিং, ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি
ছবির ক্যাপশন: মাইকিং, ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি

বাগেরহাটের সোনাতলায় বাঘের আতঙ্কে মাইকিং, ধানক্ষেতে বাঘ খুঁজতে বন বিভাগের ড্রোন

প্রতিবেদক: বুলবুল আহমেদ

বাগেরহাটের শরণখোলা উপজেলার ছোট গ্রাম সোনাতলা। সেখানে ধানক্ষেতে কাজ করতে গিয়ে হঠাৎ হিংস্র প্রাণির বিশাল পায়ের ছাপ দেখে থমকে যান কৃষকেরা। মুহূর্তেই সেই পায়ের ছাপের খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়; গ্রামজুড়ে দেখা দেয় তীব্র আতঙ্ক—‘গ্রামে বাঘ ঢুকেছে’। পরবর্তীতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের কর্মীরা এবং বিভিন্ন আলামত পরীক্ষা-নিরীক্ষা করে লোকালয়ে বাঘের উপস্থিতির সত্যতা নিশ্চিত করেন।

সুন্দরবন সংলগ্ন শরণখোলার ওই গ্রামটিতে বর্তমানে সাধারণ মানুষকে চরম সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি বিস্তীর্ণ ধানক্ষেতে ড্রোন উড়িয়ে নিখোঁজ বাঘটির সন্ধান চালাচ্ছে সুন্দরবন বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবন থেকে নদী পেরিয়ে লোকালয়ে বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘের ভয়ে সান্ধ্যকালীন সময় থেকেই গ্রামে লোক চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সুন্দরবন থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সোনাতলা গ্রামে বাঘ ঢোকার ঘটনা ঘটল। গ্রামের ধানক্ষেত ও সবজি ক্ষেতের আলসহ বিভিন্ন স্থানে রাজকীয় এই প্রাণির পায়ের স্পষ্ট ছাপ দেখেছেন গ্রামবাসীরা। আতঙ্ক কাটাতে এবং সুরক্ষায় বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যরা মাইকিং চালিয়ে যাচ্ছেন।

বন বিভাগের কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) লিডার মো. খলিল জোমাদ্দার জানান, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন পূর্ব সোনাতলা গ্রামের সরোয়ার হাওলাদারের বাড়ির সামনে এবং আবু রাজ্জাক আকনের মাছের ঘেরের পাড়ে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের স্পষ্ট ছাপ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাঘের বিচরণের আলামত ও ধানক্ষেতের দিকে হেঁটে যাওয়ার ছাপ দেখতে পান।

সোনাতলা গ্রামের সিপিজি সহকারী টিম লিডার মো. সাচ্চু আকন জানান, সোমবার সকাল থেকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা, পানিরঘাট, সোনাতলা, মডেলবাজার ও পূর্ব সোনাতলা গ্রামের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে জনসাধারণকে চরম সতর্কতার সঙ্গে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর রাতেও সুন্দরবন সংলগ্ন পানিরঘাট সোনাতলা এলাকার গ্রামে বাঘ বিচরণ করে পুনরায় বনে ফিরে যাওয়ার চিহ্ন মিলেছিল।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, “গ্রামে বাঘ আসার খবর পেয়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব সোনাতলা গ্রামের ধানক্ষেতের ওপর ড্রোন উড়িয়ে অনুসন্ধান চালিয়েছে বন বিভাগ। তবে এখনো বাঘের নির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। আবার বাঘটি সুন্দরবনে ফিরে গেছে—এমন কোনো আলামতও মেলেনি। ধারণা করা হচ্ছে, বাঘটি ভোলা নদী সাঁতরে লোকালয়ে চলে এসেছে। সাধারণ মানুষকে সচেতন রাখতে এলাকায় সতর্কতামূলক মাইকিং চলছে এবং বনরক্ষীদের পাশাপাশি ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সার্বক্ষণিক টহলে রাখা হয়েছে।”

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency