সম্পত্তির বাজারমূল্য নির্ধারণের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন ব্যবস্থায় জেলা রেজিস্ট্রারের পরিবর্তে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বাধীন তিন স্তরের কমিটি মৌজাভিত্তিক সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করবে।
প্রস্তাবিত সংশোধিত বিধিমালা অনুযায়ী, নির্ধারিত কিছু নির্দেশনা অনুসরণ করে এসব কমিটি সম্পত্তির বাজারদর পুনর্নির্ধারণ করবে। নতুন ব্যবস্থায় মৌজাভিত্তিক সম্পত্তির নির্ধারিত মূল্য দুই বছরের পরিবর্তে তিন বছর কার্যকর থাকবে। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও যৌক্তিক কারণ দেখিয়ে সরকার কোনো এলাকার সম্পত্তির মূল্য পুনর্নির্ধারণ করতে পারবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে কার্যকর সম্পত্তির বাজারমূল্যের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। ফলে এর আগেই নতুন কমিটিকে মূল্য নির্ধারণের কাজ সম্পন্ন করতে হবে।
এ লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে। ইতোমধ্যে খসড়াটি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজার কাছে পাঠানো হয়েছে। বর্তমানে সেটি পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে শিগগিরই সংশোধিত বিধিমালা জারি হতে পারে।
এদিকে প্রস্তাবিত বিধিমালা নিয়ে সাবরেজিস্ট্রারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সাবরেজিস্ট্রার যুগান্তরকে বলেন, সরকারের উচ্চপর্যায়ের উদ্দেশ্য ভালো হলেও নতুন ব্যবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। পাশাপাশি কেউ কেউ ক্ষমতার অপব্যবহারের সুযোগ পেতে পারেন। এতে ভবিষ্যতে সরকারকে বিপুলসংখ্যক রিট মামলার মুখোমুখি হতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
তবে সংশোধিত বিধিমালা জারি এবং নতুন কমিটির কার্যক্রম শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সরকারি ঘোষণা আসেনি।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |