| বঙ্গাব্দ

রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 188235 বার পঠিত
রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
ছবির ক্যাপশন: রিজার্ভ থেকে ডলার বিক্রি

রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়িয়ে স্থিতিশীলতা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলোর কাছে এসব ডলার বিক্রি করা হয়।

এর আগে দীর্ঘ বিরতির পর গত সপ্তাহে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টদের মতে, জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রাবাজারে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ডলারের সরবরাহ বাড়িয়ে বাজারে স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবারের নিলামে প্রতিটি ব্যাংককে একক বিডের মাধ্যমে কমপক্ষে ৫ লাখ ডলার কেনার আবেদন করতে বলা হয়। এর আগে মঙ্গলবারও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম আহ্বান করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে বেশ কয়েকটি ব্যাংক অংশ নিলেও শেষ মুহূর্তে নিলামটি বাতিল করা হয়। কী কারণে নিলাম বাতিল করা হয়েছিল, সে বিষয়ে ব্যাংকগুলোকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত টানা তিন বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এতে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের বেশি থাকা রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।

পরবর্তী সময়ে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. আহসান এইচ মনসুর রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার নীতি গ্রহণ করেন। পরবর্তী গভর্নরও একই নীতি বজায় রাখেন। এ সময়ে রিজার্ভ বাড়তে বাড়তে গত ২৯ জুন ৩৭ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে। গত ১ সেপ্টেম্বর রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। তবে পরবর্তী সময়ে তা কমে গত মঙ্গলবার ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে নেমে আসে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ইসরাইলে ক্ষমতার পালাবদলকে ঘিরে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও ডলারের দাম কমেছে। বাংলাদেশেও পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর সাম্প্রতিক সময়ে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দর বাড়ছে। চলতি সপ্তাহে প্রতি ডলারের দাম ১২৪ টাকা ছাড়িয়েছে। গত দুই দিন আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার ১২৪ টাকা ৩৫ পয়সায় বিক্রি হয়েছে। এর আগের দুই দিন দর ছিল ১২৪ টাকা ৩০ পয়সা।

এর আগে গত অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দর ছিল ১২৩ টাকা। ধারাবাহিকভাবে বেড়ে মাসের শেষ কর্মদিবসে তা ১২৩ টাকা ৯৯ পয়সায় পৌঁছায়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। চলতি বছরের মার্চ থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে বর্তমানে তা ১২৪ টাকা ৩৫ পয়সায় পৌঁছেছে।

ডলারের দাম বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপের মধ্যে রিজার্ভ থেকে ডলার বিক্রির মাধ্যমে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency