নারীদের মধ্যে স্তন ক্যানসার অন্যতম উদ্বেগজনক রোগ। তাই স্তনে কোনো অস্বাভাবিক চাকা, পিণ্ড বা পরিবর্তন দেখা দিলে সচেতন হওয়া জরুরি। তবে স্তনে ব্যথা, সিস্ট কিংবা টিউমার দেখা দিলেই সেটি ক্যানসার—এমন ধারণা ঠিক নয়। অনেক ক্ষেত্রে স্তনে নিরীহ টিউমারও তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে, সঠিক পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শের মাধ্যমেই স্তনের পিণ্ডের প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব।
স্তনের টিস্যুতে অস্বাভাবিক বৃদ্ধি কিংবা পরিবর্তনের কারণে পিণ্ড তৈরি হতে পারে। এর সবগুলোই ক্যানসারজনিত নয়।
বিশেষ করে কম বয়সি নারীদের স্তনে কোনো চাকা দেখা গেলে, সেটি হাত দিয়ে স্পর্শ করলে নড়াচড়া করলে এবং সাধারণত ব্যথা না থাকলে তা ফাইব্রোএডেনোমা বা নিরীহ টিউমার হওয়ার সম্ভাবনা থাকে।
অন্যদিকে, স্তনে সংক্রমণ কিংবা ফোড়া তৈরি হলেও পিণ্ডের মতো অনুভূত হতে পারে। এ ধরনের সমস্যায় সাধারণত ব্যথা হয় এবং আক্রান্ত স্থানের ত্বক লাল হয়ে যেতে পারে।
এ ছাড়া কয়েকটি কারণে স্তনে পিণ্ড দেখা দিতে পারে—
হরমোনের স্বাভাবিক পরিবর্তন।
স্তনে সিস্ট তৈরি হওয়া।
ফাইব্রোএডেনোমার মতো নিরীহ টিউমার।
সংক্রমণ ও ফোড়া।
ক্যানসারজনিত টিউমার।
স্তনের টিউমার ক্যানসারজনিত হলে কিছু বিশেষ পরিবর্তন দেখা দিতে পারে। যেমন—
স্তনের কোনো অংশে চাকা বা পিণ্ড দ্রুত বড় হওয়া।
স্তনের ত্বকের গঠন বা রঙে পরিবর্তন আসা।
বগলের নিচে নতুন করে চাকা অনুভূত হওয়া।
নিপল দিয়ে রক্ত বা লালচে তরল বের হওয়া।
স্তনের স্বাভাবিক আকৃতি বা গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেওয়া।
তবে শুধু এসব লক্ষণ দেখে ক্যানসার নিশ্চিত হওয়া যায় না। আবার ব্যথা না থাকলেও স্তনের কোনো পিণ্ডকে অবহেলা করা উচিত নয়।
স্তনে নতুন কোনো অস্বাভাবিক পিণ্ড বা পরিবর্তন দেখা দিলে দেরি না করে সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
চিকিৎসক প্রথমে শারীরিক পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরীক্ষা দিতে পারেন। এর মধ্যে রয়েছে—
1. আলট্রাসাউন্ড: স্তনের ভেতরে পিণ্ডের গঠন ও প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
2. ম্যামোগ্রাফি: স্তনের অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করতে এই পরীক্ষা করা হয়।
3. কোর বায়োপসি: টিউমার থেকে টিস্যুর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে ক্যানসার আছে কি না, তা নির্ণয়ে সহায়তা পাওয়া যায়।
4. এফএনএসি: সূক্ষ্ম সুচের সাহায্যে পিণ্ড থেকে কোষ সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
প্রয়োজনে হরমোনজনিত কোনো সমস্যা রয়েছে কি না, সেটিও পরীক্ষা করে দেখা হতে পারে।
স্তনে টিউমার শনাক্ত হলে অনেক সময় চিকিৎসক কোর বায়োপসি করার পরামর্শ দেন। কিন্তু এ পরীক্ষা নিয়ে অনেকের মধ্যে ভয় ও ভুল ধারণা রয়েছে।
বিশেষ করে বায়োপসি করলে ক্যানসার ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় কেউ কেউ পরীক্ষা করাতে চান না।
তবে এই ভয়ে প্রয়োজনীয় পরীক্ষা এড়িয়ে যাওয়া ঠিক নয়। কোর বায়োপসির মাধ্যমে টিউমারের টিস্যু পরীক্ষা করে সেটি ক্যানসারজনিত কি না, তা নির্ণয় করা সম্ভব। এর ফলাফলের ভিত্তিতে চিকিৎসক পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করতে পারেন।
স্তনে কোনো টিউমার হলেই অস্ত্রোপচার করতে হবে, বিষয়টি এমন নয়। টিউমারের ধরন, আকার, বৃদ্ধি এবং পরীক্ষার ফলাফলের ওপর চিকিৎসার সিদ্ধান্ত নির্ভর করে।
সাধারণত যেসব ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন বিবেচনা করা হতে পারে—
ক্যানসারজনিত টিউমার শনাক্ত হলে।
নিরীহ টিউমারের আকার ২ সেন্টিমিটারের বেশি হলে বা ক্রমাগত বড় হতে থাকলে।
সংক্রমণ বা ফোড়ার সমস্যা ওষুধে না সারলে।
দীর্ঘদিন চিকিৎসার পরও পিণ্ডের সমস্যা না কমলে।
অন্যদিকে, ছোট আকারের সিস্টের ক্ষেত্রে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যবেক্ষণ বা অন্যান্য চিকিৎসা দেওয়া যেতে পারে।
স্তনে চাকা বা পিণ্ড দেখা দিলেই ক্যানসার হয়েছে, এমন ভাবার কারণ নেই। তবে কোনো অস্বাভাবিকতাকে অবহেলা করাও বিপজ্জনক হতে পারে। বিশেষ করে নতুন পিণ্ড, ত্বকের পরিবর্তন, বগলে চাকা কিংবা নিপল দিয়ে রক্তমিশ্রিত তরল বের হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে পরীক্ষা করানো এবং বিশেষজ্ঞের নির্দেশনা অনুসরণ করাই স্তনের সুস্থতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |