| বঙ্গাব্দ

ফতুল্লায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ ও আটক ৫

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-11-2026 ইং
  • 53513 বার পঠিত
ফতুল্লায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ ও আটক ৫
ছবির ক্যাপশন: ফতুল্লায় শ্রমিক বিক্ষোভ

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ, আটক ৫

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাকশ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন করেন।

বিকালে শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ একাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে বিএনপি নেতাকর্মীরা দুজনকে আটক করেন। অন্যদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরও তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেফতারের কথা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় মেট্রো, লিবার্টি, আবির, আজাদ-রিফাত, পলমল ও টাইম সোয়েটারসহ ছয় থেকে সাতটি বড় পোশাক কারখানা রয়েছে। বুধবার সকালে এসব কারখানার কয়েক হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নেন। পরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিকালের দিকে আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী জানান, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা চালানোর অভিযোগে দলীয় নেতাকর্মীরা দুজনকে আটক করেছেন। আটক ব্যক্তিদের নাম তিনি জানাতে পারেননি। তবে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকরা যাতে সড়কে নেমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন, সে জন্য বিভিন্ন স্থানে তাদের জড়ো হতে দেওয়া হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে কেন্দ্র করে ফতুল্লায় টানা তিন দিন ধরে চলা এই আন্দোলনে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency