খুলনার খালিশপুরে অন্য এক তরুণীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত তরুণকে অনিক হাসনাত মুন্না (১৯) হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণী ববি আক্তারকে (১৯) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আহত অনিক হাসনাত মুন্না খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা এলাকায়। তার বাবার নাম নজরুল ইসলাম।
অন্যদিকে, অভিযুক্ত ববি আক্তার একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বে পড়াশোনা করছেন। তিনি নগরীর সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি অন্য এক তরুণীর সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে আলমনগর বাজারের কাছে পালপাড়া এলাকায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ববি বাসায় ব্যবহৃত ছোট একটি ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে আহত হন অনিক।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, অনিক ও ববি দুজনই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে কেন্দ্র করেই মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল।
ওসি আরও জানান, অভিযুক্ত তরুণী কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তবে ছুরিকাঘাতের ঘটনায় অনিক গুরুতর আহত হননি।
ঘটনার পর অভিযুক্ত ববি আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রেমের সম্পর্কের বিরোধ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর মধ্যে ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |