কিশোরগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার মামলায় বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।
আদালতের রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। জ্যোৎস্নার বাড়ির রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও কোনো সমাধান হয়নি।
২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিল মিয়ার সঙ্গে জ্যোৎস্না বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন।
মামলার বিবরণ অনুযায়ী, পরে তাঁরা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন। এ সময় জ্যোৎস্নাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।
গুরুতর আহত অবস্থায় জ্যোৎস্না বেগমকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় জ্যোৎস্না বেগমের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত মামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |