মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেফতার করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৪ (সিপিসি-৩)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিজ বাড়িতে এসেছিলেন তিনি। সেখান থেকেই রোববার (১৫ নভেম্বর) তাকে আটক করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌর ভবনের সামনে অবস্থিত তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হামজা খান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকার বাসিন্দা। তার বাবা মৃত মালেক খান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে।
একই দিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার পর মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলা দুটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে হামজা খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সক্রিয় দেখা যায়।
রোববার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি নিজ বাড়িতে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এসআরবি সদস্যরা।
অভিযান শেষে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, যাত্রীবাহী গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় হামজা খানকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
মিনিবাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে। এসব মামলায় হামজা খানের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তী আইনি পদক্ষেপ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |