| বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়ি সাব-জেল করার প্রস্তাব

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-11-2026 ইং
  • 103586 বার পঠিত
শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়ি সাব-জেল করার প্রস্তাব
ছবির ক্যাপশন: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়িকে সাব-জেল করার প্রস্তাব

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়প্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কূটনৈতিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলের মাধ্যমে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে দীর্ঘদিন অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ ক্ষেত্রে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে।

আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা কিংবা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করার প্রস্তাবও রয়েছে।

পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল হাইকমিশন থেকে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ ইস্যু করে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগেই কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করার কথা বলা হয়েছে। বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে তাকে ওই সাব-জেলে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন আইনজীবী।

নোটিশে আরও বলা হয়েছে, আইনি হেফাজতে দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে আপিল করার সুযোগ রয়েছে। পাশাপাশি অন্যান্য আদালতে বিচারাধীন মামলাগুলোতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency