| বঙ্গাব্দ

ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-11-2026 ইং
  • 105756 বার পঠিত
ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
ছবির ক্যাপশন: ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া সম্পর্কে বেরিয়ে

ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি নথি ফাঁস, ট্রাম্প-এপস্টেইনসহ প্রভাবশালীদের লেনদেনের তথ্য প্রকাশ

জার্মানির বৃহত্তম ব্যাংক ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি অভ্যন্তরীণ নথি ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনসহ বিশ্বের ক্ষমতাধর ও বিত্তশালী ব্যক্তিদের সঙ্গে ব্যাংকটির আর্থিক লেনদেনের নানা তথ্য সামনে এসেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের সমন্বয়ে প্রকাশিত ‘ইনসাইড ডয়চে ব্যাংক’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। অর্থপাচার প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে অতীতে সমালোচনার মুখে পড়া ব্যাংকটি নতুন করে আলোচনায় এসেছে।

যেভাবে ফাঁস হলো ব্যাংকের নথি

ফাঁস হওয়া নথির মধ্যে রয়েছে প্রায় ৯০ লাখ ইমেইল, বৈঠকের কার্যবিবরণী, গ্রাহকদের যথাযথ যাচাইসংক্রান্ত প্রতিবেদন এবং আর্থিক অপরাধবিষয়ক অভ্যন্তরীণ নথি। এসব নথির বড় অংশ ২০১০-এর দশকের শুরুর দিকের।

দুই তথ্য ফাঁসকারীর কাছ থেকে ভারতীয় সাংবাদিক জোসি জোসেফ ও দক্ষিণ আফ্রিকার সাংবাদিক খাদিজা শারিফ এসব নথি সংগ্রহ করেন। পরে প্রায় ৫০টি সংবাদমাধ্যমের ২৩০ জনের বেশি সাংবাদিকের সঙ্গে তা ভাগ করে নেওয়া হয়। অনুসন্ধানে অংশ নেয় ডের স্পিগেল, ফিন্যান্সিয়াল টাইমস, নিউইয়র্ক টাইমস ও লে মঁদের মতো সংবাদমাধ্যম।

তথ্য ফাঁসকারীরা জানিয়েছেন, তাদের বিশ্বাস ব্যাংকটি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। জনস্বার্থে এসব তথ্য প্রকাশ করা প্রয়োজন বলেই তারা নথিগুলো সাংবাদিকদের দিয়েছেন। নথি যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলি ও আর্থিক অপরাধবিষয়ক কর্তৃপক্ষের কাছেও দেওয়া হয়েছে।

ডয়চে ব্যাংক জানিয়েছে, অনুসন্ধানে উঠে আসা উদ্বেগের বিষয়গুলো বহু বছর আগের। এর পর থেকে ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণব্যবস্থা আরও জোরদার করেছে। এ ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক প্রভাব পড়বে বলেও তারা মনে করছে না।

ট্রাম্পের সঙ্গে কী ধরনের লেনদেন ছিল?

ফাঁস হওয়া নথিতে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ৩০ লাখ ডলারের বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রাশিয়া ও আজারবাইজানের সন্দেহভাজন অর্থপাচার নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনও রয়েছে।

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একের পর এক দেউলিয়া হওয়া এবং ঋণ পরিশোধে ব্যর্থতার পরও ডয়চে ব্যাংক বছরের পর বছর ট্রাম্পকে ঋণ দিয়েছে। ২০২১ সালের জানুয়ারি নাগাদ ট্রাম্পের প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির প্রায় ৩৪ কোটি ডলার ঋণ বকেয়া ছিল।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ওই মাসেই ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে ব্যাংকটি। এর আগে ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে।

ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ২০১৭ সালে ট্রাম্পের করসংক্রান্ত একটি নথি ভুলবশত অন্য এক গ্রাহকের হিসাবরক্ষকের কাছে পাঠিয়েছিল ডয়চে ব্যাংক। তবে ব্যাংকটি কখনোই তাকে এ ভুলের কথা জানায়নি।

মঙ্গলবার ম্যানিলায় আসিয়ান সম্মেলনে অবস্থানকালে এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ব্যাংকটির এ ধরনের তথ্য প্রকাশ করা উচিত হয়নি। তার ভাষায়, এ ধরনের তথ্য প্রকাশ বেআইনি।

এপস্টেইনের সঙ্গে ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেন

ফাঁস হওয়া নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেনের তথ্য উঠে এসেছে। ব্যাংকের অভ্যন্তরীণ পর্যায়ে এসব লেনদেনের কিছু অংশ সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছিল।

এপস্টেইন ২০১৩ সালে ডয়চে ব্যাংকের গ্রাহক হন। এর পাঁচ বছর আগে ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে পতিতাবৃত্তিতে নিয়োজিত করার অভিযোগে তিনি দোষ স্বীকার করেছিলেন। ২০১৮ সাল পর্যন্ত ব্যাংকটির গ্রাহক ছিলেন তিনি। ২০১৯ সালে বিচারের অপেক্ষায় নিউইয়র্কের একটি কারাগারে তার মৃত্যু হয়।

নতুন নথির অভ্যন্তরীণ ইমেইল থেকে জানা যায়, এপস্টেইনের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে গ্রাহক হিসেবে অনুমোদন দিয়েছিলেন। এমনকি তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তা পাওয়ার পরও এপস্টেইনের ব্যাংক হিসাবগুলো চালু রাখা হয়েছিল।

২০২১ সালে কিশোরীদের যৌন নির্যাতনে এপস্টেইনকে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত হন ম্যাক্সওয়েল। বর্তমানে তিনি ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

নথিতে এপস্টেইনের ধনাঢ্য সহযোগী লিওন ব্ল্যাক ও গ্লেন ডুবিনের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের তথ্যও রয়েছে। এর আগে এক পর্যালোচনায় জানা যায়, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে কর ও সম্পত্তি পরিকল্পনাবিষয়ক পরামর্শের জন্য লিওন ব্ল্যাক এপস্টেইনকে ১৫ কোটি ৮০ লাখ ডলার দিয়েছিলেন। তবে এপস্টেইনের অপরাধ সম্পর্কে অবগত থাকার কথা অস্বীকার করেছেন ব্ল্যাক।

রাশিয়ার ধনকুবের ও অন্যান্য প্রভাবশালীদের নাম

ফাঁস হওয়া নথিতে রাশিয়ার সঙ্গে ডয়চে ব্যাংকের ব্যবসায়িক সম্পর্কের বিস্তারিত তথ্যও রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর আগ পর্যন্ত এসব লেনদেন অব্যাহত ছিল।

নথিতে রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচ, অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ওলেগ দেরিপাস্কা এবং সুলেইমান কেরিমভের নাম পাওয়া গেছে। তাদের সঙ্গে ব্যাংকটির আর্থিক সম্পর্ক নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে উদ্বেগ ও সতর্কবার্তার তথ্যও রয়েছে।

এ ছাড়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের তথ্য উঠে এসেছে।

ফাঁস হওয়া নথিতে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও প্রয়াত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অর্থায়ন কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের বিষয়েও তথ্য রয়েছে।

আগেও জরিমানা ও ক্ষতিপূরণ দিয়েছে ব্যাংকটি

এপস্টেইনসহ উচ্চঝুঁকির গ্রাহকদের বিষয়ে বিধিবিধান মেনে চলতে ব্যর্থ হওয়ায় ২০২০ সালে নিয়ন্ত্রক সংস্থাগুলো ডয়চে ব্যাংককে ১৫ কোটি ডলার জরিমানা করে। সে সময় ব্যাংকটিতে এপস্টেইনের ৪০টির বেশি হিসাব থাকার তথ্য পাওয়া যায়।

২০২৩ সালে এপস্টেইনের হাতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলা নারীদের করা একটি মামলা নিষ্পত্তিতে ৭ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয় ব্যাংকটি।

নতুন নথি ফাঁসের ঘটনা ব্যাংকটির অতীতের অর্থপাচারবিষয়ক বিতর্ক ও গ্রাহক যাচাইব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency