| বঙ্গাব্দ

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন ও ভাঙচুর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 20-11-2026 ইং
  • 9452 বার পঠিত
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন ও ভাঙচুর
ছবির ক্যাপশন: নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে চৌমুহনী বাজারের নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ হামলার ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারিবাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।

একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের প্রধান ফটকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাসও ভাঙচুর করা হয়।

হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। এ সময় ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরে সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করার পর নেতাকর্মীরা সটকে পড়েন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে বিভিন্ন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সামনে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল।

গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছে তারা প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং জানালার কাচ ভাঙচুর করেন। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency