বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থী। গত ১৯ নভেম্বর তাঁদের ফিরে আসার কথা থাকলেও আবহাওয়ার অবনতি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে ফিরতি যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
আটকে পড়াদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।
আটকে পড়াদের মধ্যে একজন শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁর হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হওয়ায় উন্নত চিকিৎসা প্রয়োজন। তবে দ্বীপে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। অন্যদিকে, কয়েক দিন ধরে আটকে থাকায় খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে এসেছে।
জাবিপ্রবির ৩১ সদস্যের দলে রয়েছেন দুজন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নারী এবং ১৬ জন পুরুষ। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর শিক্ষা সফরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা দ্বীপে আটকা পড়েন।
বিভাগটির প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে হঠাৎ বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকার খবর জানানো হয়। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এতে তাঁরা বিপাকে পড়েছেন।
শিক্ষার্থী আহমদ জানান, তাঁদের এক সহপাঠী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁর হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাঁরা উদ্বিগ্ন। এ ছাড়া খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে এসেছে।
তিনি আরও জানান, আগামী ১ ডিসেম্বর থেকে তাঁদের পরীক্ষা শুরু হওয়ার কথা। এর আগে ফরম পূরণ করতে হবে। পাশাপাশি একাডেমিক ইন্টার্নশিপ চলমান থাকায় সেটিও ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে তাঁরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকসহ ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাঁদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। শিক্ষার্থীদের আর্থিক সংকটের বিষয়টিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জানা রয়েছে। তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই।
কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় তাঁকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।
অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, তাঁদের বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থীও সেন্টমার্টিনে আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে, আটকে পড়া শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে জাবিপ্রবির সমাজকর্ম বিভাগ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |