প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আস্থাভাজন ব্যক্তিদের সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার নজির রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পদোন্নতি পাওয়া এমন পাঁচজন সচিব এখনো সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত আট মাসে ৩৭ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে বর্তমান সরকার। তাঁদের মধ্যে মাত্র ১০ জন আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন। বাকি ২৬ জনের মধ্যে অনেকে গত ১৭ বছর নিয়মিত পদোন্নতি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, তাঁদের পদোন্নতি না দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। তাঁদের কেউ কেউ প্রকাশ্যে শেখ হাসিনার কর্মকাণ্ডকে সমর্থন ও সহযোগিতা করেছেন বলেও অভিযোগ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ এবং পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সচিব পদমর্যাদায় ৯৪ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে নিয়মিত কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন ৩৭ জন। চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ১৬ জন। শেখ হাসিনা সরকারের আমলে পদোন্নতি পাওয়া পাঁচজনও এখনো কর্মরত রয়েছেন। বাকি ৩৬ জন অন্তর্বর্তী সরকারের সময়ে পদোন্নতি পেয়েছিলেন। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
শেখ হাসিনার আমলে পদোন্নতি পাওয়া পাঁচ সচিব হলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দীন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান।
এর মধ্যে অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ পদে মো. খায়েরুজ্জামান মজুমদারকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। শেখ হাসিনা সরকার ২০২৩ সালের আগস্টে তাঁকে অর্থসচিব হিসেবে নিয়োগ দিয়েছিল।
জনপ্রশাসন সূত্রের দাবি, তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের ফাইলে স্বাক্ষরের সময় একাধিক কর্মকর্তা প্রতিবাদ জানিয়েছিলেন। তবে একজন মন্ত্রীর জোর তদবিরের কারণে নিয়োগ ঠেকানো সম্ভব হয়নি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের জুনে তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে বদলি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের পেছনে পলাতক ব্যবসায়ী এস আলম ও সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদারের ভূমিকা ছিল বলে জানা গেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনার হাতেই সচিব পদে পদোন্নতি পান। এখনো তিনি একই পদে বহাল রয়েছেন। বর্তমান সরকারের আমলে গত ২৪ মার্চ তাঁকে বিআরডিবির সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হলেও পরে রহস্যজনকভাবে সেই বদলির আদেশ বাতিল করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বর্তমান সরকারের সময়ে সচিব পদে পদোন্নতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মো. আবদুর রউফ। গত ২৬ অক্টোবর তিনি পদোন্নতি পান। শেখ হাসিনার শাসনামলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন ও নিয়মিত পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আয়েশা আক্তারও আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেছেন। জনপ্রশাসন সূত্রের দাবি, গত ১৮ অক্টোবর একজন মন্ত্রীর সুপারিশে তাঁকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগমও শেখ হাসিনার আমলে নিয়মিত পদোন্নতি পেয়েছেন এবং মন্ত্রিপরিষদ বিভাগে পদায়িত ছিলেন। সে সময় তাঁকে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
গত ১৮ অক্টোবর সচিব পদে পদোন্নতি পান ১৫তম ব্যাচের মো. আবুল হাসনাত হুমায়ুন কবীর। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে নিয়মিত পদোন্নতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন পেয়েছেন। ৫ আগস্টের পর তিনি রাজনৈতিক পরিচয় বদলে নতুন সরকারের প্রভাবশালী মহলে যোগাযোগ গড়ে তোলেন বলেও অভিযোগ রয়েছে।
গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে আবুল হাসনাত প্রথমে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন পান। সেখানে চার হাজার কোটি টাকার মডার্ন ফুড স্টোরেজ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠলে তাঁকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বদলি করা হয়।
এ ছাড়া ২০২০ সালে সিন্ডিকেট গঠন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো, অতিরিক্ত অর্থ আদায় ও অর্থ পাচারের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। সে সময় তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
গত ৫ অক্টোবর সচিব পদে পদোন্নতি পান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। তিনি শায়লা-মনিরুলের মায়াবতী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে। জনপ্রশাসন সূত্রের দাবি, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর সুপারিশে তাঁর পদোন্নতি হয়েছে।
একই দিনে পদোন্নতি পান মো. এমদাদুল হক চৌধুরী। তিনি শেখ হাসিনার আমলে নিয়মিত পদোন্নতি পেয়েছেন এবং নড়াইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া শেখ হাসিনার আমলে চীনে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা মাহফুজুর আলম খানও নিয়মিত পদোন্নতি পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১৭ জুন সচিব পদে পদোন্নতি পান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মো. খায়রুল কবির মেনন। শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে নিয়মিত পদোন্নতি পেয়েছেন। গণ-অভ্যুত্থানের পর তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে পদায়ন করা হয়। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
গত ২৮ জুলাই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পান মো. মামুনুর রশিদ ভূঁঞা। অভিযোগ রয়েছে, তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের ঘনিষ্ঠ ছিলেন এবং একটি প্রকল্পের পরিচালক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নসংক্রান্ত কমিটি, মন্ত্রিপরিষদ বিভাগ ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মতো কৌশলগত ও স্পর্শকাতর জায়গায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।
গত ৬ আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে পদায়ন পান মো. জিয়াউল হক। তিনি আবদুর রউফ সিন্ডিকেটের সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে। সাবেক অর্থসচিব ড. তারেক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সিন্ডিকেটের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউল আবেদীনকেও সরকারের প্রভাবশালী এক মন্ত্রীর তদবিরে শিগগির সচিব পদে পদোন্নতি দেওয়া হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রের দাবি।
অন্তর্বর্তী সরকারের সময়ে সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যেও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত ব্যক্তিরা রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক তাঁদের একজন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাঁকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে সময় তিনি নিজের ব্যবহৃত ল্যাপটপ নিতে চাইলে তাঁকে তা নিতে দেওয়া হয়নি। পরে তাঁর কর্মচারীরা ল্যাপটপটি পৌঁছে দেন।
একই সময়ে সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন তাঁর স্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুননাহার চৌধুরী। তিনি শায়লা ফারজানার মায়াবতী গ্রুপের সদস্য বলে অভিযোগ রয়েছে। এর আগে কৃষি, জনপ্রশাসন, প্রতিরক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন তিনি।
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে কর্মরত বিলকিস জাহান রিমির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তিনি সাবেক অর্থসচিব আবদুর রউফ তালুকদারের ঘনিষ্ঠ ছিলেন এবং দীর্ঘদিন অর্থ বিভাগে কাজ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১২ সালে সিনিয়র সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া পর্যন্ত দীর্ঘ ১১ বছর তিনি অর্থ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। মাঝখানে দুই বছর একটি প্রকল্পে লিয়েনে ছিলেন।
একই সিন্ডিকেটের কর্মকর্তা হিসেবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীর নামও এসেছে। তাঁকে সচিব পদে পদোন্নতি দেওয়ার প্রতিবাদ জানিয়েছিল বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
সংগঠনটির তৎকালীন কার্যকরী সভাপতি ও বর্তমান শিক্ষা সচিব মো. আবদুল খালেকের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছিল, সিরাজুন নূর চৌধুরী আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও সহযোগী ছিলেন। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিলেন এবং অর্থ মন্ত্রণালয়ে কর্মরত থাকাকালে বিদেশে অর্থ পাচারে সহযোগিতা করেছেন বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |