| বঙ্গাব্দ

টেকনাফে ১৩টি গ্রেনেড ও ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 22-11-2026 ইং
  • 120666 বার পঠিত
টেকনাফে ১৩টি গ্রেনেড ও ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার
ছবির ক্যাপশন: টেকনাফের দমদমিয়া এলাকায় উদ্ধার করা ১৩টি গ্রেনেড ও অন্যান্য সামরিক সরঞ্জাম।

টেকনাফে ১৩টি গ্রেনেড ও ৭৬ রাউন্ড এমজি গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল উদ্ধার করা গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

রোববার (২২ নভেম্বর) কক্সবাজার এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

এসআরবি জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল জাদিমুরা বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) তাঁর সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে হ্নীলা দমদমিয়ার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের (সাব-ব্লক সি-১২) নেচার পার্কের লাল গেটের সামনে পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছেন।

খবর পেয়ে আভিযানিক দলটি সেখানে পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেলসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন ইজিবাইকের পেছনের আসনে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ইজিবাইকটি তল্লাশি করে বস্তার ভেতর থেকে একটি পুরোনো স্বচ্ছ প্লাস্টিকের বয়ামে রাখা সাতটি হ্যান্ড গ্রেনেড এবং একটি পলিথিনে রাখা ছয়টি এজিএল গ্রেনেড উদ্ধার করা হয়। এ ছাড়া ৭৬ রাউন্ড এমজি গুলি ও একটি খালি ম্যাগাজিনও পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১৩টি গ্রেনেড।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা বিস্ফোরক ও দাহ্য পদার্থ সংরক্ষণ ও পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো নিরাপদ দূরত্বে পাহারায় রাখা হয়। পরে কক্সবাজারের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এ আবেদন করা হলে আদালত বিস্ফোরকগুলো ধ্বংসের নির্দেশ দেন।

আদালতের আদেশে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার বোমা নিষ্ক্রিয়কারী দল গ্রেনেডগুলো শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে নিয়ে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency