প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের বাসিন্দাদের ভালোবাসা ও আদর-যত্নে বেড়ে ওঠা পরিচিত চিত্রা হরিণ ‘বিজলী’র করুণ মৃত্যু হয়েছে। শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয়ে প্রাণ হারিয়েছে হরিণটি। তার মৃত্যুতে পুরো দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে হরিণটিকে মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শিয়ালের আক্রমণে বিজলীর শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে গুরুতর জখমের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার দুপুরে নামার বাজার জামে মসজিদের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
দ্বীপবাসীর কাছে বিজলী কেবল একটি বন্যপ্রাণী ছিল না, বরং ছিল ভালোবাসা ও আবেগের অংশ। দীর্ঘ প্রায় এক দশক ধরে লোকালয়ে মানুষের সান্নিধ্যে থাকায় দ্বীপের বাসিন্দাদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, নিঝুমদ্বীপে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকদের কাছেও অত্যন্ত পরিচিত ও প্রিয় ছিল হরিণটি।
নিঝুমদ্বীপের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত হোসেন স্মৃতিচারণা করে জানান, ২০১৬ সালে বন থেকে অত্যন্ত অসুস্থ অবস্থায় শাবক বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়েছিল। এরপর স্থানীয়রা পরম মমতায় তাকে দুধ খাইয়ে ও সেবাযত্ন করে বড় করে তোলেন। মানুষের ভালোবাসা পেয়ে সে আর কখনো গভীর বনে ফিরে যায়নি। লোকালয়েই সবার সঙ্গে ঘুরে বেড়াত।
তিনি বলেন, ‘বিজলী শুধু একটি হরিণ ছিল না, সে ছিল নিঝুমদ্বীপের মানুষের আবেগের অংশ। দেশি-বিদেশি পর্যটকদের সঙ্গেও তার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে।’
নিঝুমদ্বীপের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিজলী আমাদের কাছে পরিবারের একজন সদস্যের মতো ছিল। তাকে ঘিরে স্থানীয় মানুষের অনেক আবেগ ও স্মৃতি রয়েছে। তার এভাবে চলে যাওয়াটা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।’
বন বিভাগের নিরাপত্তা প্রহরী মো. শামিম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘বিজলীকে আমরা দীর্ঘদিন ধরে সন্তানের মতো দেখাশোনা করেছি। তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী বলেন, ‘বিজলীর মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে যথাযথভাবে তাকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিনের পরিচিত এই প্রাণীটিকে হারিয়ে আমাদের বলার মতো কোনো ভাষা নেই।’
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |