চোখের জলে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন কারাগারে বন্দি এক মা। প্যারোলে মুক্তি না পেলেও কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় ছেলের মরদেহ দেখার সুযোগ পেয়েছেন তিনি। কারাগারের ফটকে মায়ের সামনে রাখা হয় ১৫ বছর বয়সী সন্তানের নিথর দেহ। মা ও সন্তানের শেষ সাক্ষাতের এমন দৃশ্য দেখে উপস্থিত স্বজনদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন কারা সদস্যরাও।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে নিয়ে আসা হয় নিসর্গ হোসেন তুর্যের (১৫) মরদেহ। সেখানে বন্দি মা ও কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী শেষবারের মতো ছেলেকে দেখার সুযোগ পান।
পরিবার ও কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শারমিন সুলতানা শর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। এর মধ্যেই শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে আকস্মিক মৃত্যু হয় তার বড় ছেলে নিসর্গ হোসেন তুর্যের।
পরিবারের সদস্যরা জানান, তুর্য দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সে শৌচাগারে যায়। দীর্ঘ সময় পার হলেও বাইরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এরপর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তুর্যের মরদেহ নিয়ে যাওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে। সন্তানের মৃত্যুর খবর পেয়ে কারাগারের ভেতরে ভেঙে পড়েন শর্মী। পরিবারের পক্ষ থেকে মায়ের সঙ্গে ছেলের শেষ দেখা করানোর আবেদন জানানো হলে মানবিক বিবেচনায় তা অনুমোদন করে কারা কর্তৃপক্ষ।
নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে কারাফটকে শর্মীকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। শেষবারের মতো সন্তানকে দেখার পর দাফনের জন্য মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে শর্মীকে আবার কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।
তুর্যের খালা শাম্মী বলেন, প্যারোলে মুক্তির আবেদন করেও তার বোনের মুক্তি মেলেনি। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, জন্মের পর থেকেই তার ভাগনে শারীরিক সমস্যায় ভুগছিল। নিজের দৈনন্দিন কাজও সে ঠিকমতো করতে পারত না। এ পর্যন্ত তার ১০টি অস্ত্রোপচার হয়েছে। এমনকি নিজের হাতে খাবার তুলে খাওয়ার সক্ষমতাও ছিল না।
শাম্মী আরও দাবি করেন, তাদের বাবা একজন মুক্তিযোদ্ধা। তার বোন ২০২২ সালে রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। পরিবারের আরেক সন্তানও অসুস্থ বলে জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, রাজনৈতিক রেষারেষির কারণেই তাদের পরিবার এমন পরিস্থিতির মুখে পড়েছে। তার প্রশ্ন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেই কি একজন মানুষ রাষ্ট্রের কাছে সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন?
এ বিষয়ে কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল বলেন, মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে ওই বন্দিকে তার মৃত সন্তানের সঙ্গে শেষবারের মতো দেখা করানোর ব্যবস্থা করা হয়েছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, প্যারোলে মুক্তির আবেদন জেলা প্রশাসকের কাছে করতে হয়। সেখান থেকে আবেদন কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে শর্মীর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এ ধরনের কোনো আবেদনসংক্রান্ত কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি বলেও জানান তিনি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |