প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
চট্টগ্রাম নগরীতে চাঁদাবাজি এবং সেই অর্থের ভাগবাটোয়ারা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তিনি অভিযোগ করেছেন, আগের সরকারের আমলে যারা ইয়াবা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তারা এখনো একই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শুধু চাঁদা দেওয়ার ব্যক্তির পরিবর্তন হয়েছে। সম্প্রতি নগরীর বায়েজিদ থানার মোহাম্মদ নগর এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে নাজিমুর রহমান বলেন, ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা আগের সরকারের আমলেও এই ব্যবসা করেছেন। তখন তারা আগের সরকারের নেতা ও পাতি নেতাদের চাঁদা দিতেন। এখন সেই চাঁদা দিচ্ছেন তাদের দলের পাতি নেতাদের। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজির উৎস তুলে ধরে তিনি বলেন, ৮০ ফুটের একটি রাস্তা দোকান ভাড়া দেওয়ার কারণে কার্যত ৪০ ফুটে নেমে আসে। তার মতে, এ ধরনের অবৈধ দখল ও দোকান ভাড়ার সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক রয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মহানগরে ‘চট্টগ্রাম জেলা’ লেখা নম্বর প্লেটযুক্ত অবৈধ টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিনিময়েও চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, স্থানীয় রাজনৈতিক নেতা, পাতি নেতা এবং থানা পুলিশকে চাঁদা দিয়ে এসব যানবাহন চলাচল করে।
থানার কথিত ক্যাশিয়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, অপরাধীদের সঙ্গে থানার ক্যাশিয়ারের সব সময় যোগাযোগ থাকে। কোনো থানায় নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর প্রথমেই ক্যাশিয়ারকে ডেকে কোন কোন খাত থেকে কত টাকা চাঁদা আদায় হয় এবং অপরাধী কারা, সে সম্পর্কে জানতে চান।
তার অভিযোগ, ওসি কিংবা এসআই বদলি হলেও থানার কথিত ক্যাশিয়ারদের পরিবর্তন হয় না। কারণ, এটি কোনো চাকরি নয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও এসআরবি কমান্ডারের প্রতি আহ্বান জানিয়ে নাজিমুর রহমান বলেন, থানা পুলিশের বাইরে একটি স্বতন্ত্র বিশেষ বাহিনী গঠন করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, অপরাধী নিজের ভাই হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয়, ধর্ম কিংবা বর্ণ বিবেচনা করা যাবে না। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।
চাঁদাবাজি দমনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠতে হবে। রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে সুখী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সংসদ সদস্য, রাষ্ট্রপ্রধান এবং তাদের সহযোগীদের সৎ ও সচেতন ভূমিকা পালন করতে হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |