প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
রাজশাহীর দুর্গাপুরে বিএনপির একটি আলোচনা সভায় বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত চেয়ারে বসে থাকতে দেখা গেছে থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমকে। একজন পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের সভায় বিশেষ অতিথির আসনে বসার ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে পানানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পানানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু।
অনুষ্ঠানে প্রধান নির্বাচনি সমন্বয়ক হিসেবে উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জুবায়েদ হোসেন এবং সিনিয়র যুগ্ম সমন্বয়ক হিসেবে সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডল উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে এসআই রেজাউল করিমকে মঞ্চে বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত সারিতে সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডলের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় মঞ্চের সামনের সারিতে বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, অনুষ্ঠানে পুলিশের কোনো কর্মকর্তা আমন্ত্রিত অতিথি ছিলেন না। ওই কর্মকর্তা বিশেষ অতিথির চেয়ারে বসেছিলেন কি না, তা তার জানা নেই। বিষয়টি তিনি খেয়াল করেননি।
অন্যদিকে, এসআই রেজাউল করিম বলেন, তিনি সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিশেষ অতিথির চেয়ারটি ফাঁকা থাকায় অল্প সময়ের জন্য সেখানে বসেছিলেন।
দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, এসআই রেজাউল করিম ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। তবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তা বিশেষ অতিথির আসনে বসতে পারেন কি না, সে বিষয়ে তার জানা নেই।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশ সদস্যরা সংসদ সদস্যের প্রটোকলের দায়িত্ব পালন করতে পারেন। তবে কোনো রাজনৈতিক দলের মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসার সুযোগ নেই। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে কথা বলেছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |