প্রতিবেদন: বিডি বুলবুল আহমেদ
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, শ্রমিকদের বেতন বাড়ানোর পর বাড়িওয়ালারা যদি বাড়িভাড়া বাড়িয়ে দেন, তাহলে শ্রমিকদের জীবনমানের কোনো উন্নতি হবে না। বর্ধিত বেতনের টাকা যদি বাড়িওয়ালারা নিয়ে নেন, তাহলে শ্রমিকদের এত দিনের আন্দোলনের কী লাভ হলো?
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ে ছয়তলা ভবন নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাড়িওয়ালাদের উদ্দেশে মুজিবুর রহমান বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য তাদের বেতন বাড়ানো হয়েছে। বাড়িভাড়া বাড়িয়ে যদি শ্রমিকদের বর্ধিত বেতনের টাকা নিয়ে নেওয়া হয়, তাহলে তাদের জীবনমানের কোনো পরিবর্তন হবে না। পোশাক কারখানা ও শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে বাড়িওয়ালারা বাসা ভাড়া দেবেন কার কাছে? শিল্প, শ্রমিক ও দেশের স্বার্থে সব বাড়িওয়ালার প্রতি বাসাভাড়া না বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকরা যেন সহজেই উন্নত মানের স্বাস্থ্যসেবা নিতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। পর্যায়ক্রমে সব উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে এসব উন্নয়নকাজ বাধাগ্রস্ত হতে পারে।
তিনি উল্লেখিত উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে প্রকৌশলী, দায়িত্বে থাকা ঠিকাদার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টি এমপিওভুক্ত করতে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আলোচনা সভা ও ভবন উদ্বোধন শেষে দোয়ার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম সরকারের সভাপতিত্বে এবং কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবির সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাবেক সভাপতি রবিউল আলম রবি, গাজীপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |