ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলা: নিহত ১২, আহত অন্তত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও একধাপ বেড়ে গেল। ইয়েমেনের রাজধানী সানার একটি জনবহুল বাজারে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে এই হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদনে বলা হয়েছে, হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানার শুব জেলার ফারওয়া পাড়ার একটি বাজার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই এলাকাটি পূর্বেও মার্কিন ড্রোন ও বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হামলার পরপরই ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুধু রাজধানী সানাই নয়, সোমবার রাতভর ইয়েমেনের বিভিন্ন অঞ্চলেও মার্কিন বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনাসহ হুথিদের অস্ত্রাগার ও কমান্ড সেন্টার লক্ষ্য করেও হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হুথি যোদ্ধারা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগর রুটে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। এই হুমকি মোকাবেলায়ই তাদের সামরিক অভিযান জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের চালানো একটি বিমান হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং আরও ১৭১ জন আহত হয়েছিলেন। তার মাত্র কয়েক দিনের মাথায় আবারও বড় ধরনের এই হামলা চালানো হলো।
তবে যুক্তরাষ্ট্রের তীব্র সামরিক হামলার পরও নিজেদের অবস্থান থেকে পিছু হটতে রাজি নয় হুথি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা পশ্চিমা শক্তির বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে।
এক বিবৃতিতে হুথি মুখপাত্র বলেন, “আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। গাজায় যুদ্ধ বন্ধ না হলে, আমাদের প্রতিরোধও থামবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিরক্ষা চালিয়ে যাব।”
যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানের নির্দেশ আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে, যারা কয়েক সপ্তাহ আগেই হুথিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
[সংযুক্ত আরও পড়ুন]:
রাস ইসা বন্দরে হামলায় নিহত ৭৪
লোহিত সাগরে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক জাহাজ
গাজা যুদ্ধ: হুথিদের অবস্থান কী?
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |