কাশ্মিরে জঙ্গি হামলায় নিহত ২৬ পর্যটক, তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ
ভারতের কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। এই নৃশংস ঘটনার পর বুধবার (২৩ এপ্রিল) নিরাপত্তা সংস্থাগুলো তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত এবং অন্তত দুইজন বিদেশি নাগরিক।
হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈয়বা-র ছদ্ম নাম ব্যবহারকারী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। দেশজুড়ে এই নির্মম হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা বাহিনী হামলার মূল পরিকল্পনাকারীদের ধরতে সর্বাত্মক অভিযান চালাচ্ছে।
দিল্লি, মুম্বাইসহ গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মির সফরে গিয়ে হামলাস্থল পরিদর্শন করেছেন এবং উপ-রাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন।
এক্স (সাবেক টুইটার)-এ অমিত শাহ লিখেছেন, “ভারী হৃদয়ে পেহেলগামের সন্ত্রাসী হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা জানালাম। ভারত কখনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার দোষীরা রেহাই পাবে না।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরেছেন বলে জানা গেছে।
এদিকে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পাঠানো শুরু হয়েছে। এছাড়া, জম্মু ও কাশ্মিরে আটকে পড়া পর্যটকদের সহায়তায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এয়ারলাইনগুলোকে ভাড়ার দাম নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানিয়েছে।
হামলা থেকে বেঁচে ফেরা একাধিক পর্যটক জানিয়েছেন, হামলাকারীরা অতর্কিতে এসে নির্বিচারে গুলি ছুঁড়েছে এবং মূলত পুরুষদের লক্ষ্য করে হত্যা চালায়। গেল কয়েক বছরে হিমালয়ান অঞ্চলে বেসামরিকদের উপর এটিই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতারে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |