চট্টগ্রাম কাস্টমস হাউজ বিদেশ থেকে আমদানি করা ৭৪টি বিলাসবহুল গাড়ি শেষ পর্যন্ত প্রতি কেজি ২৪ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছে। দীর্ঘদিন ধরে মামলার জটিলতায় আটকে থাকা এসব গাড়ি স্ক্র্যাপ করে রি-রোলিং মিলগুলোর কাছে নিলামে বিক্রি করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শেডে গাড়ির কাটা টুকরো রাখা হয়। পাশের কক্ষে কাস্টমস কর্মকর্তারা উন্মুক্ত নিলামের মাধ্যমে গাড়িগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রি করেন।
চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান,
"৭৪টি গাড়ির কাটা টুকরো বিক্রি হয়েছে। প্রতি টনের ভিত্তি মূল্য ছিল ৫৩ হাজার টাকা।"
চট্টগ্রাম কাস্টমসের দাবি, মামলা ও নানা জটিলতার কারণে গাড়িগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল এবং এগুলো চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল।
চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার (নিলাম) মোহাম্মদ সাকিব হোসেন বলেন,
"মামলাসহ নানা জটিলতায় গাড়িগুলো আগেই অচল হয়ে গিয়েছিল। তাই এনবিআরের অনুমতি নিয়ে স্ক্র্যাপ আকারে বিক্রি করা হয়েছে।"
এই বিলাসবহুল গাড়িগুলো ভাঙারি হিসেবে বিক্রি করায় নিলামে অংশগ্রহণকারী বিডারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
একজন নিলামে অংশগ্রহণকারী বলেন,
"এভাবে শর্ত দিয়ে শুধুমাত্র রি-রোলিং মিলগুলোকেই সুযোগ করে দেওয়া হয়েছে। স্বচ্ছ নিলামের সুযোগ থাকলে গাড়িগুলোর আরও ভালো দাম পাওয়া যেতো।"
চট্টগ্রাম কাস্টমস জানায়, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরেই গাড়িগুলো স্ক্র্যাপ করার জন্য কেটে ফেলা হয়।
নিলামের বিশ্লেষকরা মনে করছেন, গাড়িগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে না গেলে সরাসরি বিক্রির সুযোগ থাকলে আরও বেশি দাম পাওয়া যেতো।
তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে নিলাম প্রক্রিয়া চালিয়েও ক্রেতা পাওয়া যায়নি, তাই স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |