| বঙ্গাব্দ

হাফেজদের ‘নেক্সাস’ বই উপহার ও আইনমন্ত্রীর বক্তব্যে হেফাজতের প্রতিবাদ

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 19-09-2026 ইং
  • 14559 বার পঠিত
হাফেজদের ‘নেক্সাস’ বই উপহার ও আইনমন্ত্রীর বক্তব্যে হেফাজতের প্রতিবাদ
ছবির ক্যাপশন: হেফাজতে ইসলাম বাংলাদেশ

হাফেজদের ‘নেক্সাস’ বই উপহার ও আইনমন্ত্রীর বক্তব্যে হেফাজতের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মাননা অনুষ্ঠানে ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বই উপহার দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে কোরআনের আলোকে সংবিধান প্রণয়ন এবং কোরআনকে সরাসরি সংবিধান হিসেবে বিবেচনা করা নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেছে সংগঠনটি। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান এসব প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর উদ্যোগ প্রশংসনীয়। তবে ওই অনুষ্ঠানে হারারির লেখা ‘নেক্সাস’ বই উপহার দেওয়াকে তারা অনভিপ্রেত বলে মনে করেন। তাদের দাবি, বইটির লেখকের বিভিন্ন চিন্তাধারা ও লেখার বিষয়বস্তু ইসলামি আকিদা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

এ ঘটনায় বইগুলো কীভাবে উপহার হিসেবে নির্বাচিত হলো, তা তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে হাফেজদের কাছ থেকে বইগুলো প্রত্যাহার করে ইসলামি ঐতিহ্যবাহী গ্রন্থ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে সরকারি ও ধর্মীয় অনুষ্ঠানে বই বা উপহার নির্বাচনের জন্য একটি দায়িত্বশীল স্ক্রিনিং কমিটি গঠনের দাবিও জানিয়েছে হেফাজত। 

এদিকে কোরআনের আলোকে সংবিধান প্রণয়ন করা যেতে পারে, তবে কোরআনকে সরাসরি সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়—আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের এমন বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজত। আইনমন্ত্রী ১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সংবিধানের পরিবর্তনযোগ্যতা এবং কোরআনের আয়াত পরিবর্তন না করার বিষয়টি তুলে ধরেন। 

হেফাজতের নেতারা ওই বক্তব্যকে মুসলমানদের ঈমান-আকিদার প্রতি আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তারা আইনমন্ত্রীকে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজতের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামি ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়াতে উপহার ও বই নির্বাচনের প্রক্রিয়ায় যথাযথ যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। 

সূত্র: দেশ রূপান্তর, কালবেলা, আমার দেশ

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency