প্রতিবেদক: বুলবুল আহমেদ
রাজমিস্ত্রি ও ইজিবাইক চালক থেকে সময়ের সঙ্গে হ্যাকিং ও ডিজিটাল প্রতারণায় জড়িয়ে পড়েন ওহিদুল মোল্লা (৩২)। নাটোরের লালপুরে কবুতরের ঘরের আড়ালে ‘নিরাপদ’ আস্তানা গড়ে তুলে হ্যাকিং ও মাদক ব্যবসা পরিচালনা করতেন তিনি। সম্প্রতি পুলিশ ওহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ সদস্যসহ চক্রের সাত সদস্যকে আটক করেছে।
ওহিদুল মোল্লা উপজেলার মোহরকয়া গ্রামের মৃত রব্বেল মোল্লার ছেলে। বিলমাড়িয়া বাজারসংলগ্ন নদীর ধারে নতুন একটি বাড়িতে হ্যাকিংয়ের মাধ্যমে অর্জিত অর্থে তিনি দুটি বাড়ি করেছেন বলে জানা গেছে। বাড়ি দুটির চারপাশেই সিসিটিভি ক্যামেরার নজরদারি ব্যবস্থা ছিল। গ্রামের প্রধান সড়ক থেকে বাড়ি পর্যন্ত প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল, যাতে অপরিচিত কেউ প্রবেশ করলেই তার গতিবিধি নজরে আসে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, তার বাড়ির একটি কক্ষে কয়েকশ কবুতর রাখার ব্যবস্থার ভেতরেই তৈরি করা হয়েছিল শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ শোবার ঘর এবং সিসিটিভি মনিটর। পুলিশ জানায়, হ্যাকিংয়ের কাজে ৯টি মোবাইল ফোনে অদলবদল করে ৬৮টি সিম কার্ড ব্যবহার করা হতো। এসব নম্বরের শেষ চার ডিজিট ব্যবহার করে প্রবাসীদের পরিচিত বিকাশ এজেন্টদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিত চক্রটি।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কনস্টেবল আল আমিনও রয়েছেন। তিনি কোনো ছুটি না নিয়েই বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) দীন মোহাম্মদ। তিনি জানান, এ বিষয়ে লিখিত তথ্য পেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে। লালপুর থানার পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |