প্রতিবেদক: বুলবুল আহমেদ
বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা দুই মহামানব লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে নিজেদের একক আধিপত্য ও রোমাঞ্চকর দ্বৈরথে মুগ্ধ করে রেখেছেন এই দুই মহাতারকা। মাঠের ভেতরের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র বিতর্ক থাকলেও, মাঠের বাইরে দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে ফুটবল বিশ্বে বরাবরই কৌতূহল রয়েছে।
সম্প্রতি সেই সুসম্পর্কের এক চমৎকার ও অজানা স্মৃতি প্রকাশ্যে এনেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সিএনএন পর্তুগাল-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এই গোপন গল্প জানান তিনি। পরবর্তীতে নামজাদা ক্রীড়া মাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ সাক্ষাৎকারের অংশটি প্রকাশ করে।
দীর্ঘ ১৫ বছর ধরে ব্যালন ডি’অরসহ ফিফার বর্ষসেরা একাধিক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ নিয়মিত ভাগাভাগি করেছেন রোনালদো ও মেসি। পর্তুগিজ তারকা স্মৃতিচারণ করে জানান, বিভিন্ন অ্যাওয়ার্ড নাইটগুলোতে বিশ্বমানের তারকাদের সান্নিধ্যে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর ফলেই মূলত তাদের মাঝে এক বিশেষ বন্ধন তৈরি হয়।
রোনালদো অত্যন্ত হাস্যোজ্জ্বলভাবে স্মৃতিচারণ করে জানান, সেই সময়ে লিওনেল মেসির ইংরেজিতে কিছুটা দুর্বলতা ছিল। ফলে অনুষ্ঠান চলাকালে তিনি নিজেই মেসির জন্য অনুবাদক (Translator) হিসেবে কাজ করতেন!
"পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপক ইংরেজিতে কী বলছেন কিংবা পরবর্তীতে কী করতে হবে, সেসব বিষয় আমি মেসিকে বুঝিয়ে দিতাম। মেসিকে বিভিন্ন প্রশ্ন ও অনুষ্ঠানের কার্যক্রম স্প্যানিশ বা সহজ ভাষায় বুঝিয়ে দ্যেওয়ার বিষয়টি আমাদের দুজনের মাঝে বেশ মজার মুহূর্ত তৈরি করত।"
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো স্পষ্ট জানিয়ে দেন, তাদের মাঠের ভেতরের তুমুল লড়াই কখনো ব্যক্তিগত শ্রদ্ধাবোধে বাধা হয়ে দাঁড়ায়নি। তার ভাষায়:
"মেসি তার ক্লাব ও দেশের সাফল্য পেতে সেরাটা দিয়ে খেলেছে, আর আমি লড়েছি আমার দল ও দেশের জন্য। আমাদের লড়াইটা ছিল সম্পূর্ণ ইতিবাচক। আমরা দুজনই সবসময় বেশি গোল করতে এবং নিজেদের সেরাটা দিতে চেয়েছি, যা আমাদের একে অপরকে আরও উন্নত করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।"
নিজেদের এই ঐতিহাসিক দ্বৈরথকে মোটর রেসিং জগতের কিংবদন্তি ফর্মুলা ওয়ান চালক আয়রটন সেনা (Ayrton Senna) ও অ্যালেন প্রোস্ট (Alain Prost)-এর বিখ্যাত প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে তুলনা করেন রোনালদো। তার দৃঢ় বিশ্বাস, তাদের দীর্ঘদিনের এই রাজকীয় লড়াই কেবল নিজেদের সেরাটা বের করে আনেনি, বরং গোটা ফুটবলবিশ্বকে উপহার দিয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিস্মরণীয় এক অধ্যায়।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |