পূর্ব ইউক্রেনে স্থলযুদ্ধে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দেশটির জ্বালানি, শিল্প ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে গুদাম, বন্দর ও শিল্পকারখানায় হামলার ঘটনা বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, আসন্ন শীতে এসব হামলার কারণে ইউক্রেনে বিদ্যুৎ ও তাপ সরবরাহ সংকটের পাশাপাশি বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।
জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন গত সপ্তাহে জানিয়েছে, ২০২৫-২৬ সালের শীত মৌসুমে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে পরিকল্পিত হামলা চালিয়ে রাশিয়া যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে।
এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে শান্তি আলোচনা শুরুর কথা থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ইউক্রেনে হামলার তীব্রতা কমার লক্ষণ দেখা যাচ্ছে না।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজিস সেন্টারের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান জন লফের মতে, রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলার মূল উদ্দেশ্য ইউক্রেনের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করে দেওয়া।
সিএনএনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইউরোপের অনেক মিত্র রাষ্ট্র এখনো ইউক্রেনের সংকটের গভীরতা পুরোপুরি বুঝতে পারছে না। এই পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় দেশগুলোর ওপর কী পরিমাণ আর্থিক চাপ তৈরি হতে পারে, সে বিষয়টিও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
লফের বিশ্লেষণ অনুযায়ী, দনবাস অঞ্চলে স্থলযুদ্ধে অগ্রসর হতে রাশিয়াকে উল্লেখযোগ্য বাধার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে গ্রীষ্মকালে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ তুলনামূলক শক্তিশালী হওয়ায় অতিরিক্ত সেনা মোতায়েন করেও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া কঠিন হয়ে উঠেছে।
এ অবস্থায় ইউক্রেনের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করাকেই বিকল্প কৌশল হিসেবে বেছে নিয়েছে মস্কো বলে মনে করেন তিনি।
আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির পূর্ব ইউরোপবিষয়ক গবেষক ক্রিশ্চিয়ান ভ্লাস সতর্ক করেছেন, গত বছরের তুলনায় এবার শীতের শুরুতেই ইউক্রেনে গুরুতর মানবিক সংকট তৈরি হতে পারে।
এসিএলইডির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৭০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের শুরুর কয়েক মাসের পর চলতি বছর বেসামরিক নাগরিকদের প্রাণহানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
একই সংস্থার তথ্য বলছে, ২০২৬ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার সামরিক ও শিল্প অবকাঠামোতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত মাসে অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত রাশিয়ার অন্তত সাতটি শিল্পপ্রতিষ্ঠান, তিনটি সামরিক বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ রাডার ও সামরিক যোগাযোগব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এর আগে গ্রীষ্মকালে রাশিয়ার বৃহত্তম অনলাইন বিপণন প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও হামলা চালায় ইউক্রেন।
ইউক্রেনের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশগুলোতেও রুশ হামলার বিস্তার ঘটেছে। কৃষ্ণসাগর দিয়ে পণ্য রপ্তানি, দানিয়ুব নদীর বন্দর, শিল্পপণ্যের গুদাম, রেল যোগাযোগব্যবস্থা এবং ইস্পাতশিল্প এখন নিয়মিত হামলার ঝুঁকিতে রয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব স্থাপনার কয়েকটি সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহৃত হয়। তবে সাম্প্রতিক সময়ে সরাসরি বেসামরিক অবকাঠামোও হামলার শিকার হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।
গত আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ক্রিভি রিহ ও জাপোরিঝঝিয়ার দুটি বড় ইস্পাত কারখানা ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর কারখানা দুটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
এতে সংশ্লিষ্ট এলাকায় কর্মসংস্থান ও হাজারো পরিবারের আয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ক্রিভি রিহের স্থানীয় প্রশাসনও এ পরিস্থিতির সম্ভাব্য আর্থসামাজিক প্রভাব নিয়ে সতর্ক করেছে।
ক্রিশ্চিয়ান ভ্লাসের মতে, শিল্পকারখানায় হামলার প্রভাব শুধু উৎপাদন বন্ধ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এতে রাষ্ট্রের রাজস্ব আয় কমে যায় এবং সাধারণ মানুষের বেতন ও জীবিকার ওপরও সরাসরি চাপ তৈরি হয়।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের রাশিয়াবিষয়ক দলের প্রধান কাতেরিনা স্টেপানেনকো জানান, রাশিয়া এখন বিপণিবিতান, পণ্য সংরক্ষণের কেন্দ্র এবং বিভিন্ন গুদামেও হামলা চালাচ্ছে।
এর ফলে পণ্য সরবরাহ, বিপণন ও সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, আগে রাশিয়ার হামলা মূলত রাতের বেলায় পরিচালিত হতো। কিন্তু এখন দিনের বেলাতেও হামলার ঘটনা বাড়ছে। এর মাধ্যমে ইউক্রেনের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তাঁর পর্যবেক্ষণ।
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলার কারণে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ক্রমেই চাপের মুখে পড়ছে। বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো মেরামত করে পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।
জন লফের মতে, দীর্ঘদিনের যুদ্ধ ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্লান্তি তৈরি করেছে। একই সঙ্গে অর্থনীতির মূল ভিত্তি দুর্বল হয়ে পড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় ৪০ শতাংশ ভবনে গরম করার ব্যবস্থা ছিল না।
এদিকে, দেশটিতে চলতি বছরের প্রথম তুষারপাতের পর শীতকালীন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।
বিশ্লেষকদের আশঙ্কা, ইউক্রেনের ওপর রাশিয়ার ধারাবাহিক বিমান হামলার প্রভাব সামরিক ক্ষয়ক্ষতির গণ্ডি ছাড়িয়ে অর্থনীতি, শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রায় দীর্ঘস্থায়ী সংকট তৈরি করতে পারে।
বিশেষ করে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত থাকলে আসন্ন শীতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। শান্তি আলোচনার উদ্যোগের পাশাপাশি যুদ্ধের ময়দানে হামলা অব্যাহত থাকায় ইউক্রেনের সামনে শীতকাল একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |