বর্জ্যকে সম্পদ, পরিচ্ছন্ন শক্তির উৎস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জোবায়দা রহমান। তিনি বলেছেন, বর্জ্যকে কোনো ধরনের ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং বর্জ্য দূষণ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে এবং প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে।
বুধবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা তুলে ধরেন তিনি।
বক্তব্যে ডা. জোবায়দা রহমান জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে স্বাগত জানায় এবং জোরালোভাবে সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ বাংলাদেশের সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে থ্রি-আর কৌশল অনুসরণের কথা উল্লেখ করে তিনি বলেন, এর আওতায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার মাধ্যমে বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টি জোরদার করা হয়েছে।
ঢাকায় বড় পরিসরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের বিষয়েও বক্তব্য দেন তিনি। এ প্রকল্পের আওতায় প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
জোবায়দা রহমান বলেন, শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করার পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানির উন্নত শোধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মতভাবে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ পাটের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে বাংলাদেশ।
এ সময় সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন রাখার কার্যক্রম অব্যাহত থাকার কথাও উল্লেখ করেন।
মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে তিনি বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে জলবায়ুবান্ধব কৃষি, উন্নত ধান চাষ পদ্ধতি এবং জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জিরো ওয়েস্ট লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে জোবায়দা রহমান বলেন, একক প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। একই সঙ্গে বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তরুণ প্রজন্মকে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণরা শুধু আগামী দিনের নেতা নয়, বরং বর্তমানের সমস্যা সমাধানেরও অংশীদার।
বক্তব্যের শুরুতে বৈঠক আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান ডা. জোবায়দা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বকে অনুপ্রেরণাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে বিশ্বব্যাপী সহযোগিতা জোরদার এবং সম্মিলিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান তিনি।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |