রাজনৈতিক কর্মসূচির নামে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। এসব ঘটনা মানুষের জীবন ও সম্পদের ক্ষতির পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জীবন বিপন্ন করার কোনো সুযোগ নেই।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বিভিন্ন সময়ে সহিংসতার ঘটনাও ঘটেছে। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অনাস্থা এ ধরনের প্রবণতা তৈরিতে ভূমিকা রেখেছে।
রাজনৈতিক লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ কর্মসূচির পরিবর্তে ভয়ভীতি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সীমা ছাড়িয়ে অপরাধে পরিণত হয়।
সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়কে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনার পেছনে সাংগঠনিক যোগাযোগ, পরিকল্পনা, লোক সংগ্রহ ও সমন্বিত তৎপরতার বিষয় তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা।
ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো. রুহুল আমিন সরকার জানিয়েছেন, ককটেলসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি নিজে প্রায় ৯ জনকে গ্রেপ্তার করেছেন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় ককটেল বিস্ফোরণের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত প্রায় ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিসংখ্যান শুধু ডিএমপি এলাকার। দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তারের তথ্য এতে অন্তর্ভুক্ত নয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে তদন্তে একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে সাংগঠনিক সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন তিনি। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম, ডিজিটাল যোগাযোগ এবং অন্যান্য তথ্যপ্রমাণ তদন্তে গুরুত্ব পাচ্ছে।
এ ছাড়া ঢাকার বাইরে থেকে লোকজনকে রাজধানীতে এনে নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত করার অভিযোগও পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণের মতো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে লোক সংগ্রহের সময় কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তারের ঘটনাও রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তবে গ্রেপ্তার হওয়া মানেই কেউ অপরাধী হিসেবে প্রমাণিত নন। প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যথাযথ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ এবং আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হতে হবে।
ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা নিক্ষেপ কিংবা যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সাধারণ মানুষ। একটি চলন্ত বাসে আগুন দেওয়ার অর্থ শুধু একটি যানবাহন ধ্বংস করা নয়; এর চালক, সহকারী ও যাত্রীদের জীবনও বিপন্ন করা।
এ ধরনের হামলায় বাসচালক, রিকশাচালক, দোকানদার, শিক্ষার্থী ও পথচারীরা ক্ষতিগ্রস্ত হন। তাঁদের অনেকেরই রাজনৈতিক বিরোধের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। অথচ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের নামে তাঁদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ে।
এসব ঘটনায় কেউ প্রাণ হারান, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন, আবার কেউ দগ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসা ও পুনর্বাসনের সংগ্রাম চালিয়ে যান। একটি যানবাহন পুড়ে গেলে এর মালিক, চালক ও শ্রমিকদের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান পুড়ে গেলে হারিয়ে যেতে পারে সারা জীবনের সঞ্চয়।
নাশকতামূলক কর্মকাণ্ডের প্রভাব শুধু ঘটনাস্থলে সীমাবদ্ধ থাকে না। বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগের ঘটনা মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতা তৈরি করে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হন, অভিভাবকেরা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে ভয় পান এবং পরিবহন শ্রমিকেরা জীবিকার নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বিস্তৃত হয়। এতে মানুষের পারস্পরিক আস্থা কমে যায় এবং স্বাভাবিক সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়।
রাজনৈতিক সহিংসতার কারণে বিনিয়োগ পরিবেশ, ব্যবসা-বাণিজ্য, পর্যটন, পরিবহন ও সরবরাহব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে এসব ঘটনার আর্থিক ও সামাজিক মূল্য শেষ পর্যন্ত পুরো সমাজকেই বহন করতে হয়।
রাজনৈতিক সহিংসতা এবং সন্ত্রাসবাদের মধ্যে সম্পর্ক থাকলেও প্রত্যেক রাজনৈতিক সংঘর্ষ বা সহিংস অপরাধকে স্বয়ংক্রিয়ভাবে সন্ত্রাসবাদ বলা যায় না। তবে জনমনে আতঙ্ক সৃষ্টি, জননিরাপত্তা বিপন্ন করা কিংবা সরকার বা জনগণকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করার উদ্দেশ্যে বিস্ফোরক ও প্রাণঘাতী সহিংসতা ব্যবহার করা হলে তা সন্ত্রাসী কর্মকাণ্ডের বৈশিষ্ট্য ধারণ করতে পারে।
বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬ ধারায় নির্দিষ্ট উদ্দেশ্যে সংঘটিত হত্যা, গুরুতর আঘাত, সম্পত্তির ক্ষতিসাধন এবং বিস্ফোরক বা দাহ্য পদার্থ ব্যবহারের মতো কর্মকাণ্ডকে সন্ত্রাসী কার্যক্রমের আওতায় বিবেচনার বিধান রয়েছে।
কোনো রাজনৈতিক পরিচয় কিংবা সাংগঠনিক অবস্থান অপরাধকে বৈধতা দিতে পারে না। অপরাধের প্রকৃতি ও প্রমাণের ভিত্তিতেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব, গোয়েন্দা সক্ষমতা ও দ্রুত তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় বৈজ্ঞানিক তদন্ত, আলামত সংরক্ষণ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ এবং ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণের মাধ্যমে অপরাধের পরিকল্পনা ও অর্থায়নের উৎস খুঁজে বের করতে হবে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব কার্যক্রম হতে হবে আইনসম্মত, মানবাধিকারসম্মত, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধের প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান প্রয়োজন। রাজনৈতিক কর্মসূচির নামে বিস্ফোরক ব্যবহার, অগ্নিসংযোগ, প্রাণহানি কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সব রাজনৈতিক শক্তির ঐকমত্য থাকা জরুরি।
রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠা। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা শান্তিপূর্ণ আন্দোলন, যুক্তিতর্ক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। ককটেলের শব্দ কিংবা আগুনের ভয় দেখিয়ে মানুষের সমর্থন অর্জন সম্ভব নয়। বরং মানুষের আস্থা অর্জনই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।
রাষ্ট্র ও সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সহিংস রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে সহনশীলতা, জবাবদিহি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই।
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |