ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় এলাকার জনজীবন থমকে গেছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত তিন দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। নিরাপত্তার স্বার্থে শত শত মাছ ধরার ট্রলার তীরবর্তী এলাকায় আশ্রয় নিয়েছে।
অন্যদিকে, টানা বৃষ্টিতে দুবলার চরসহ আশপাশের বিভিন্ন চরে রোদে শুকাতে দেওয়া শুঁটকি ভিজে গেছে। এতে প্রায় কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন জেলেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তিন দিন ধরে শরণখোলাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে দিনমজুরদের কাজ বন্ধ হয়ে গেছে। সড়কে রিকশাভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে যাত্রী কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষের উপার্জনেও টান পড়েছে। ফলে নিম্নআয়ের মানুষ পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন।
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় মোবাইল ফোনে জানান, দুবলাসহ অন্যান্য চরে গত তিন দিনে রোদে শুকাতে দেওয়া জেলেদের প্রায় কোটি টাকার মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে না পারায় জেলেরা আরও কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, শুঁটকিপল্লীর জেলেরা বর্তমানে তাদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকাসহ আশপাশের ছোট-বড় খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান মোবাইল ফোনে জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে জেলেদের মাছ ভিজে নষ্ট হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরাও বন্ধ রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |