গাজায় হামাসের পাল্টা হামলায় আইডিএফ সদস্য নিহত, আহত ৩
গাজা উপত্যকার উত্তরে হামাসের পাল্টা হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন সেনা, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন এলাকায় দায়িত্ব পালনের সময় স্নাইপারের গুলিতে প্রাণ হারান ওই সেনা সদস্য। তিনি ছিলেন এক ট্যাংক ইউনিটের কমান্ডার। আহত বাকিদের মধ্যে দুজন সামান্য এবং একজন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়। ধারণা করা হচ্ছে, আহতদের মধ্যে কেউ কেউ হামাসের ছোড়া এন্টি-ট্যাংক রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নিহত সেনার নাম ও অন্যান্য বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে সেনা সদরদপ্তর জানিয়েছে, তার পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং যথাযথ মর্যাদায় তার দাফনের প্রস্তুতি চলছে।
গাজায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাতে ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিলেও, বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে অব্যাহত বিমান ও স্থল হামলা সত্ত্বেও হামাসের যোদ্ধারা নানা কৌশলে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, গাজার ভূগর্ভস্থ সুড়ঙ্গপথ, জনবহুল এলাকা এবং ছদ্মবেশী যুদ্ধ কৌশলের কারণে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব হচ্ছে না। ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে, যা এই যুদ্ধের দীর্ঘমেয়াদি ঝুঁকিকে বাড়িয়ে তুলছে।
এই ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং গাজার উত্তরাঞ্চলে অভিযানের গতি বাড়ানো হতে পারে বলে সামরিক সূত্রে জানা গেছে।
এদিকে গাজায় মানবিক পরিস্থিতিও দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যুদ্ধের আগুনে পুড়ে যাওয়া এই উপত্যকায় বাড়ছে দুর্ভিক্ষ, চিকিৎসা সংকট ও গৃহহীন মানুষের সংখ্যা। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখনো কার্যকর কোনো সমাধানের পথ দেখা যাচ্ছে না।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |