পারভেজ হত্যা মামলায় আসামি ফারিয়া হক টিনা ৩ দিনের রিমান্ডে
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি ফারিয়া হক টিনাকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৯ মে) বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে বনানী থানা পুলিশ আসামি টিনার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর জগন্নাথপুর এলাকার একটি বাসা থেকে ফারিয়াকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, টিনা এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং হত্যার পেছনে উসকানিমূলক ভূমিকা পালন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৯ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে বনানীর একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এলএলবি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। এ সময় পাশের দোকানে অবস্থান করা দুই নারী শিক্ষার্থী তাকে ও তার বন্ধুদের বিরুদ্ধে হাসিঠাট্টার অভিযোগ আনেন। বিষয়টি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
পারভেজ অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চাইলেও কয়েকজন যুবক ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। একপর্যায়ে মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত পারভেজকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও এলএলবি বিভাগের শিক্ষার্থী মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।
পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই হত্যাকাণ্ডে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি উঠেছে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |