কুড়িগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রোজার আগে অনুষ্ঠানের দাবি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, জনমনে ততই শঙ্কা বাড়বে। তিনি জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার তারিখ নিয়ে বারবার কথা বদলাচ্ছে, যা উদ্বেগজনক।
রোববার (৭ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তফসিল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক অবস্থান প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, "আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসিল ঘোষণা হবে। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা বলবেন না, আমরা দেখছি।"
এই দোদুল্যমানতা প্রসঙ্গে তিনি তার দলের অবস্থান স্পষ্ট করে বলেন, "আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে।"
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান ছিল এবং সবাই চায় তিনি এই নির্বাচনি প্রক্রিয়ায় থাকুন।
তিনি বলেন, "তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে নির্বাচনের অবস্থার কোনো পরিবর্তন হয় কি-না এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।"
নির্বাচনী জোট গঠন নিয়ে মান্না জানান, গত ১৫ বছরের লড়াইয়ে তাদের সঙ্গে বিএনপিসহ অন্যান্য দল ছিল এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলাপ-আলোচনা চলছে। তবে তিনি স্বীকার করেন, "তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনি সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।"
জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহিদুল্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর পরে জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে একটি মুক্তিযোদ্ধা সমাবেশেও বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না।
কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান (৭ ডিসেম্বর, ২০২৫)
মাহমুদুর রহমান মান্নার বক্তব্য।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |