নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে কৃষি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে সার নিয়ে কোনো অনিয়ম বা সংকটের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যও কন্ট্রোল রুম থেকে সমন্বিতভাবে কাজ করা হবে।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। এর জন্য মোট ২৭টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে থাকছেন একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন অফিস সহায়ক।
কন্ট্রোল রুমের কার্যক্রম ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
কন্ট্রোল রুমের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণসংক্রান্ত তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।
কোথাও সার পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে মজুদ, কালোবাজারি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানাতে হবে।
কোনো জেলা বা উপজেলায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার দিয়ে শনাক্ত করবে কন্ট্রোল রুম। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সুপারিশও করা হবে।
এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সার পরিস্থিতির সর্বশেষ তথ্য সংগ্রহ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
কৃষক, সার ডিলার, পরিবহনকারীসহ সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া অভিযোগও কন্ট্রোল রুমে গ্রহণ করা হবে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের সার পরিস্থিতি, পাওয়া অভিযোগ, গৃহীত পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এসব তথ্যের ভিত্তিতে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সার সরবরাহে বিঘ্ন, পরিবহন সমস্যা, গুদামজাতকরণে জটিলতা কিংবা ডিলার পর্যায়ে অনিয়মের খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ থাকবে।
পাশাপাশি পত্রিকা, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সারসংক্রান্ত অভিযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে যাচাই করতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা নিশ্চিত করার নির্দেশও রয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, টেলিফোন, মোবাইল, ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগ ও তথ্য যথাযথভাবে গ্রহণ ও নথিভুক্ত করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নিতে হবে।
শিফট পরিবর্তনের সময় দায়িত্ব যথাযথভাবে পরবর্তী দলের কাছে হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।
সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য অফিস আদেশে ০৫০৩৫১ ফোন নম্বর উল্লেখ করা হয়েছে।
সূত্র: কৃষি মন্ত্রণালয়
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |