নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বালি থেকে মুম্বাইয়ে নেওয়া হবে। সেখানে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন অভিনেত্রীর জনসংযোগ কর্মকর্তা।
কাজের পাশাপাশি অবকাশযাপনের জন্য বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানে দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
নুসরাতের জনসংযোগ কর্মকর্তার দেওয়া বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনায় অভিনেত্রীর মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে মুম্বাইয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই অস্ত্রোপচার করা হবে।
অস্ত্রোপচারের পর নুসরাতকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এ কারণে আগামী কয়েক দিনের কাজের সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার আগে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য নুসরাতকে যুক্ত করার খবরও সামনে এসেছে। টাইগার শ্রফের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে নুসরাতের চরিত্রটি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে পিঙ্কভিলা।
সিনেমাটির জন্য এমন একজন অভিনেত্রী খোঁজা হচ্ছিল, যিনি অভিনয়ের পাশাপাশি চরিত্রের আবেগও যথাযথভাবে তুলে ধরতে পারবেন। নুসরাতকে শুরু থেকেই সম্ভাব্য অভিনেত্রীদের তালিকায় রাখা হয়েছিল বলে জানা গেছে।
ছবিটিতে আরও অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক ব্যানার্জি ও এলভিশ যাদব। প্রযোজক ভিকি জৈনের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ভিজে ফ্রেমস-এর ব্যানারে নির্মিত হতে যাওয়া সিনেমাটির মাধ্যমে প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করছেন তিনি।
নুসরাত ভারুচাকে সর্বশেষ ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় সোহুম শাহের সঙ্গে দেখা গেছে।
সূত্র: এনডিটিভি
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |