প্রতিবেদক: বুলবুল আহমেদ
অধিনায়ক লিটন দাসের প্রাথমিক লক্ষ্য ছিল অন্তত ফাইনাল খেলা, যাতে একটি পদক নিয়ে দেশ ফেরা নিশ্চিত করা যায়। কিন্তু সব আশার বেলুন উড়িয়ে দিয়ে এশিয়ান গেমস থেকে খালি হাতেই দেশে ফিরছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে শ্রীলঙ্কার কাছে ব্রোঞ্জপদকের ম্যাচে ৬৩ রানে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর দেশবাসীর কাছে তীব্র লজ্জা ও হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।
ম্যাচ শেষে জাপানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ মোহাম্মদ সালাহউদ্দীন নিজের ও দলের ব্যর্থতার দায় স্বীকার করে বলেন, “আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।”
পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোচ বিশেষ করে মূল বোলারদের ওপর ক্ষোভ ঝাড়েন। তিনি জানান, আজকের উইকেটে বোলাররা বিশেষ করে টি-টোয়েন্টি স্পেশালিস্টরা অত্যন্ত বাজে বোলিং করেছেন। বিশেষ করে পেসার মোস্তাফিজুর রহমান এক ওভারেই দেন ২৫ রান, আর শেষ দিকে লেগ স্পিনার রিশাদ হোসেনও ছিলেন বেশ খরুচে। পাশাপাশি ব্যাটিংয়ের পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারিয়ে ফেলার খেসারতও দলকে দিতে হয়েছে বলে জানান তিনি।
কোচ কঠোর সমালোচনা করলেও সংবাদ সম্মেলনে সতীর্থ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন দলনেতা লিটন দাস। তিনি বলেন, “আমি সব সময় বলব, তারা দেশের জন্য লড়াই করে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত এবং আমরা আসলে এটা কীভাবে পার করা যায়, সেই চেষ্টা করব। সত্যি বলতে আমরা পুরো দল হিসেবে ভালো পারফর্ম করিনি।”
স্বর্ণজয়ের উচ্চাশা নিয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। এর আগে এই মহাদেশীয় আসরে যতবার অংশ নিয়েছে, প্রতিবারই কোনো না কোনো পদক নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এমনকি ২০১০ সালে গেমসের ক্রিকেটের প্রথম আসরেই তারা সোনা জিতেছিল। কিন্তু এবার সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের লড়াই থেকে ছিটকে যাওয়ার পর, ব্রোঞ্জের ম্যাচে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষেও পাত্তায় পেল না লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে মাত্র ৫১। কিন্তু শেষ ১০ ওভারে বোলিং লাইনআপ পুরোপুরি খেই হারিয়ে ফেললে লঙ্কানরা সংগ্রহ করে ১৬৫ রান।
জবাবে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই তানজিদ হাসান, সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস কোনো রান না করেই সাজঘরে ফেরেন (শূন্য রান)। দলের বিপর্যয়ে ব্যাট হাতে নবম নম্বরে নেমে নাসুম আহমেদ দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করলেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় ক্রিকেটের এমন হতাশাজনক পারফরম্যান্স দেশের ক্রীড়াপ্রেমীদের মনে বড় দাগ কেটেছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |